ক্লাবে ক্লাবে গেলেন রেফারিরা
এর আগেও ক্লাবে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুটবলের নতুন নিয়মকানুন সম্পর্কে ধারণা দিয়েছেন রেফারিরা। কাল আবারও গেলেন বাফুফের রেফারিজ কমিটির সদস্যরা। তিন দিনের কর্মসূচির প্রথম দিনে আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্যাম্পে গিয়ে ফুটবলার ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন রেফারিরা। আজ তাঁরা বলবেন মোহামেডান, মুক্তিযোদ্ধা ও আরামবাগের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে। রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলছেন, ‘ফুটবলের সর্বশেষ সংশোধনী ও গুরুত্বপূর্ণ আইনগুলো তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। এছাড়াও খেলোয়াড়দের ভাবভঙ্গি, আচার-আচরণ বিশ্লেষণ, আমাদের প্রতি তাদের কোনো বক্তব্য আছে কি না সেগুলো জানতে পারছি এই কর্মসূচি থেকে। ক্লাবের সবাই বেশ সহযোগিতা করছেন।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিজেএমসির গোলরক্ষক আমিনুলের সতর্ক উচ্চারণ, ‘উদ্যোগটা ভালো। কিন্তু আমাদের দেশের রেফারির মান যদি উন্নত না হয়, তাহলে এটা কোনো কাজে আসবে না।’