ক্লাবে পেশাদারি যেন আকাশ-কুসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, ক্লাবে পেশাদারি আসবে। সবকিছু নিয়ম মেনে চলবে। ক্লাবের রুগ্ণ অবকাঠামোয় একটু হলেও বদলের ছোঁয়া লাগবে। কিন্তু ‘আসবে’, ‘চলবে’, ‘লাগবে’—শব্দগুলো শুধু কথামালাতেই ঢাকা পড়ে আছে। বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই!পেশাদার ফুটবল লিগ তাই তার স্বকীয়তা হারিয়ে হাঁটছে উল্টো পথে। খেলোয়াড়-কর্মকর্তা-কোচ সবাই একবাক্যে বলছেন, এই পেশাদার লিগ তাঁরা চাননি। কিন্তু এটা বাস্তবতা, কখনো না-কখনো পেশাদার লিগ শুরু করতেই হতো। ফিফা-এএফসির অলিখিত বাধ্যবাধকতাও পেশাদার লিগ।কিন্তু এ দেশে তা কতটা কার্যকর, সেটিই প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, পেশাদার লিগ তৃতীয় মৌসুমের মাঝপথে দাঁড়ালেও ক্লাবগুলোতে পেশাদারি চর্চা এখনো আকাশ-কুসুম কল্পনার পর্যায়ে! ক্লাবগুলোর আন্তরিকতায় ঘাটতি রয়ে গেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানার পর্যবেক্ষণ, ‘ক্লাবগুলো পেশাদার হওয়ার জন্য কিছুই করেনি। তাদের আন্তরিকতাও নেই। বরং ক্লাবগুলোর জন্য সুবিধাই হয়েছে এখন। আগে একবারে টাকা দেওয়া লাগত খেলোয়াড়দের, এখন কিছু দিয়ে বাকিটা বেতন ভিত্তিতে দেওয়ার সিস্টেম থাকায় কখনো দেয়, কখনো দেয় না। মিডিওকার খেলোয়াড়দের জীবন-জীবিকাই প্রায় শেষ।’সাদা চোখে পেশাদার চর্চার ধারেকাছেও নেই ক্লাবগুলো। নিজস্ব মাঠ, দ্বিতীয় দল, অবকাঠমো উন্নয়ন, খেলোয়াড়দের সঙ্গে কার্যকর চুক্তি, ইভেন্ট ম্যানেজমেন্ট, সমর্থক গোষ্ঠী তৈরি, এমন আরও কিছু বাধ্যবাধকতা নিয়ে শুরু হয়েছিল ‘পেশাদার যুগ’। তিন বছর পর দেখা যাচ্ছে, বলার মতো কোনো পরিবর্তনই নেই ক্লাবগুলোতে! সেই মানসিকতার বড় অভাব।প্রথম দুটি পেশাদার লিগের চ্যাম্পিয়ন দল আবাহনী নিজেদের মধ্যে কী পরিবর্তন এনেছে? দলটির কর্মকর্তা কাজী নাবিল আহমেদ বললেন, ‘আমাদের পেমেন্ট সিস্টেম ভালো। ইভেন্ট ম্যানেজমেন্টও ভালো বলব। এগুলোকে পরিবর্তন ধরা যায় (যদিও আবাহনী পেমেন্ট বরাবরই অন্যদের চেয়ে ভালো, এটা কোনো পরিবর্তন নয়)।’কিন্তু দ্বিতীয় দল তৈরি করা, অবকাঠামো বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় আবাহনী আর সবার মতো গড্ডলিকা প্রবাহে-ই গা ভাসিয়েছে। চাইলে আবাহনী পেশাদারির পথে অন্তত এক পা বাড়াতে পারে না? নাবিলের কথা, ‘সবদিক থেকেই আরও উদ্যোগ থাকা দরকার। তবে এগুলো আস্তে আস্তে হবে।’পেশাদারি শব্দটা শুনতে ভালোই লাগে। তবে ক্লাব কর্মকর্তারা এখন আর এটা শুনতে চান না! দুটি পেশাদার লিগে রানার্সআপ মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেনের কাছে প্রসঙ্গটা তুলতেই তিনি কিছুক্ষণ হেসে নিলেন। তার পর বললেন, ‘আমি তো কোথাও কোনো পেশাদারি দেখি না।’ নিজেদের বদলানোর দায়িত্ব তো মোহামেডানেরও, তারা সেটা কতটা পালন করেছে? লোকমানের যুক্তি, ‘আমাদের তো অবকাঠামোই নেই!’অবকাঠামোর মূল উপাদান নিজস্ব ক্লাব ভবন, মাঠ, জিম। আর সব বাদই দিন, মোহামেডানের আজ পর্যন্ত নিজস্ব একটা অনুশীলন মাঠ-ই নেই! ২০-২৫ বছর ধরে ‘মাঠ হচ্ছে’, ‘হবে’ আশার বাণী শোনা গেলেও আসলে কিছু হয়নি। দলটাকে যাযাবারের মতো বিকেল বেলা ঘুরতে হয় অনুশীলনের জন্য। কেন? লোকমানের উত্তর, ‘ফেডারেশন একরকম জোর করে আমাদের এই লিগে নামিয়েছে। তবে আমরা চেষ্টা করছি এগুলো করতে। আশা করি, হয়ে যাবে।’আবাহনী-মোহামেডানের অবকাঠামো যা-ই আছে, তৃতীয় শক্তি শেখ রাসেলের সেটিও নেই! এই ক্লাবের কর্ণধার নুরুল আলম চৌধুরী বাংলাদেশের প্রেক্ষাপটে পেশাদারি ধারণার সঙ্গেই একমত নন, ‘নীতিগতভাবে আমি এই পেশাদার পদ্ধতির বিরুদ্ধে। বাংলাদেশে এটা হওয়া উচিত নয়। তাই শুধু নামটাই আছে, কাজের কাজ কিছুই হচ্ছে না।’দলের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হলেও পেশাদার অবকাঠামো তৈরিতে আগ্রহ নেই কেন? নুরুল আলমের কথা, ‘জিম বা মাঠ আমরা কোনো না-কোনোভাবে ব্যবহার করছি। কিন্তু সমস্যা হলো, প্রস্তুত না হয়ে এই কাজে নেমে পড়া ঠিক হয়নি ফেডারেশনের। এখন মনে হচ্ছে, ঢাকা প্রিমিয়ার লিগই ভালো ছিল।’‘প্রিমিয়ার লিগই ভালো ছিল’—কথাটা খেলোয়াড়দের পাশাপাশি সংগঠকেরাও বলছেন। ব্রাদার্সের ম্যানেজার আমের খান তাঁর ক্লাবের দুরবস্থা বোঝাতে প্রথমেই টেনে আনলেন ওই প্রসঙ্গ, ‘ক্লাবের আয় কই। পেশাদার মুখে বললে তো হবে না। এখন তো আয় কমে গেছে। প্রিমিয়ার লিগের সময় কর্মকাণ্ড অনেক বেশি হতো, ক্লাবের আয়ও ছিল। এখন পেশাদার সিস্টেম অনেকে বোঝেই না। বলে, এটা আবার কী?’ নাকে অক্সিজেন লাগিয়ে কোনো রকমে বেঁচে আছে ব্রাদার্স। আমেরের কথা, ‘পেশাদার লিগ এসে ফুটবলের আরও অধঃপাত হয়েছে!’পেশাদার লিগ কমিটির কো-চেয়ারম্যান কাজী নাবিল আহমদ বললেন, ‘এ বছর তো আর কিছু করা যাবে না।’ দুঃখজনক হলো, ক্লাবগুলোকে একবার অন্তত ডাকতে পারে বাফুফে, কিন্তু না ডেকে দিবানিন্দ্রায় তারা!