
দুপুর সাড়ে ১২টায় উড়ান। কুয়াশা সেই উড়ানকে দেরি করিয়ে আকাশে ওড়াল বেলা পৌনে তিনটার দিকে। ডিসি-১০ বিমানে ক্রিকেট যাত্রীই ৮০ জনের মতো। উদ্দেশ্য সিলেট।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপ ক্রিকেট। তাতে অংশ নিতেই কাল আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক ক্লাব এবং ইউসিবি বিসিবি একাদশের ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, ম্যাচ অফিশিয়ালরাও গেলেন সিলেটে। মোট ৫৬ খেলোয়াড়ের মধ্যে ব্যক্তিগত ব্যস্ততায় শুধু যেতে পারেননি প্রাইম ব্যাংক অধিনায়ক সাকিব আল হাসান। আজ প্রথম দিনের ম্যাচে তাই খেলতে পারবেন না তিনি।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সময়টা হয়তো বসে বসেই কাটাতে হতো ক্রিকেটারদের। সেখানে বিজয় দিবস টি-টোয়েন্টি তাদের সুযোগ দিচ্ছে মাঠে নামার। এদিক দিয়ে উদ্যোগটা যেমন সাধুবাদ পেতে পারে, তেমনি এর সঙ্গে ক্লাবগুলোর সম্পৃক্তি একটা প্রশ্নও তুলে দিচ্ছে। বিসিবিই যেহেতু দল করে দিয়েছে, সেখানে লাল, সবুজ, নীল, হলুদ নামেই তো খেলা হতে পারত! অন্যের দেওয়া দল নিয়ে শিরোপা জিতেও কতটা তৃপ্ত হতে পারবে আবাহনী, মোহামেডান বা অন্য কোনো ক্লাব? আর এমনও তো নয় যে টুর্নামেন্টে পুরো খরচ ক্লাবই বহন করছে! খেলোয়াড়দের পারিশ্রমিক এবং টুর্নামেন্টের খরচ বাবদ বিসিবিরও ব্যয় হচ্ছে মোটা অঙ্কের টাকা। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য কাল এর ব্যাখ্যা দিলেন একটু অন্যভাবে, ‘টুর্নামেন্টের দলগুলোর জন্য কোনো স্পনসর না পাওয়ায় আমরা ক্লাবগুলোর শরণাপন্ন হয়েছি। ক্লাবগুলো এখানে মূলত দলগুলোর স্পনসর হিসেবেই এসেছে।’ জানালেন, প্রতিটা ক্লাব দল নেওয়ার বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের টাকা দেবে বিসিবিকে।
ক্লাবপ্রতি টাকার অঙ্কটা তিনি না বললেও সেটা ৩৫ থেকে ৪০ লাখের মধ্যে বলে জানা গেছে। এর সঙ্গে বিসিবির টাকা মিলিয়ে চালানো হবে টুর্নামেন্টের খরচ, খেলোয়াড়দের পারিশ্রমিকও। তবে শঙ্কা হলো, ক্লাবের টাকাটা টুর্নামেন্ট শুরুর আগেই নেয়নি বিসিবি। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অবশ্য আশাবাদী, ‘আশা করছি টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই সব ক্লাব টাকা দিয়ে দেবে।’ সব ক্লাব বলতে আবাহনী, মোহামেডান আর প্রাইম ব্যাংকই। চতুর্থ দল বিসিবি একাদশের পৃষ্ঠপোষক ইউসিবির (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) সঙ্গে হিসাবটা ভিন্ন। সবুজ দলের পৃষ্ঠপোষকতা বাবদ বিসিবিকে তারা দিচ্ছে ৩০ লাখ টাকা।
ক্লাবগুলোর কাছ থেকে বিসিবির টাকা পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তাটুকু বাদ দিলে ফাঁকা সময়টাকে ক্রিকেটময় রাখার জন্য এমন একটা টুর্নামেন্টের উদ্যোগ ভালোই। খেলোয়াড়েরাও স্বাগতই জানাচ্ছেন এটাকে। কাল সিলেট থেকে টেলিফোনে মোহামেডানের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেমন বলছিলেন, ‘আমি মনে করি খুবই ভালো উদ্যোগ এটা। নিজেদের মধ্যে প্রতিযোগিতায় উন্নতির সুযোগ পাচ্ছে খেলোয়াড়েরা। টুর্নামেন্টে ভালো খেলার ব্যাপারে সবার মধ্যে খুব উৎসাহ দেখছি।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপের জন্য ২০ ওভারের ক্রিকেট অনুশীলনের খুব বেশি সময় পাওয়া যাবে না। সেদিক দিয়েও বিজয় দিবস টি-টোয়েন্টি মাশরাফির চোখে ভালো একটা সুযোগ।
ইউসিবিএল-বিসিবি একাদশের অধিনায়ক তামিম ইকবালও দারুণ খুশি এমন আয়োজনে, ‘এ বছর ফাঁকা সময় আছে বলেই নয়, আমি মনে করি এ রকম একটা টুর্নামেন্ট প্রতিবছর হওয়া উচিত। বিপিএলে বিদেশি খেলোয়াড়দের ওপর সব ফোকাস থাকে। দেশিরা পড়ে থাকে তাদের ছায়ায়। কিন্তু এই টুর্নামেন্টে সবাই স্থানীয় খেলোয়াড়। ভালো খেললে আমাদের ওপরই ফোকাস থাকবে।’ টুর্নামেন্টে ছয়-সাতটা ম্যাচ খেলে জাতীয় দলের খেলোয়াড়েরা পাবেন আড়াই লাখ টাকা, জাতীয় দলের বাইরের খেলোয়াড়েরা দেড় লাখ টাকা। অঙ্কটা খুব বড় না হলেও তামিম সমস্যা মনে করছেন না সেটাকে, ‘টাকাপয়সা এখানে গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে বড় কথা, মাঠে খেলা থাকছে, আমরা ম্যাচ খেলব। আর ভালো একটা টুর্নামেন্ট হলে ভবিষ্যতে হয়তো ভালো স্পনসরও মিলবে। তখন টাকাও বাড়তে পারে।’