ক্লার্ক-ক্যাটিচ দ্বন্দ্ব
সাইমন ক্যাটিচ আর মাইকেল ক্লার্কের দ্বন্দ্বটা রীতিমতো ঝড়ে রূপ নিয়েছে। সেই ঝড়ের মধ্যে পড়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। আগের দিন ক্যাটিচ সরাসরি জানিয়ে দেন, ক্লার্কের কারণেই কেন্দ্রীয় চুক্তি ও দল থেকে বাদ পড়েছেন তিনি। অস্ট্রেলিয়ান অধিনায়ক পরদিন অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন, তিনি ব্যক্তিগত ক্ষোভ থেকে কিছুই করেননি। ক্যাটিচের মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া কালই ক্যাটিচের কাছে পাঠিয়ে দিয়েছে শুনানির নোটিশ। তার মানে বাঁহাতি ওপেনারকে এখন দাঁড়াতে হচ্ছে শৃঙ্খলা কমিটির মুখোমুখি।ক্যাটিচ সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে। তারপরই হঠাৎ ছিটকে পড়েন দল থেকে। ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান গত জুনে বিস্ময়করভাবে বাদ পড়েন ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকেও। সেই থেকেই ক্লার্কের কঠোর সমালোচক তিনি। কমিউনিটি শিল্ডের ম্যাচে সেঞ্চুরির পর গত শুক্রবার ক্যাটিচ সরাসরি ক্লার্ককে দায়ী করে বলেন, ক্লার্কই তাঁর ক্যারিয়ার শেষ করে দিয়েছেন এবং ক্লার্ক অধিনায়ক থাকা অবস্থায় তাঁর হয়তো আর দলে ফেরা হবে না! কিন্তু ক্লার্ক সরাসরি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘দেখুন, সাইমন যখন নির্বাচিত হয়নি, আমি তখন নির্বাচক ছিলাম না। নির্বাচক হওয়ার পর থেকেই সংবাদ সম্মেলনে আমি এটা পরিষ্কার করে আসছি, কারও জন্যই দরজা বন্ধ হয়নি।’ সাবেক সতীর্থকে সতর্কবার্তাও পাঠিয়েছেন অধিনায়ক, ‘কিন্তু আমি মনে করি না, তার মন্তব্য এ মুহূর্তে তাকে দলে ফিরতে কোনো সাহায্য করবে।’অধিনায়কের সঙ্গে সুর মিলিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন প্রধান নির্বাচক জন ইনভেরারিটিও বলেছেন, কারও জন্যই দলের দরজা বন্ধ নয়। এতেও অবশ্য সংশয় কাটছে না ৫৬ টেস্টে ৪৫.০৩ গড়ে ৪১৮৮ রান করা ক্যাটিচের। দ্বন্দ্বটা ২০০৯ সালে ড্রেসিংরুমের অপ্রীতিকর ঘটনার সুবাদে। বিবাদে জড়িয়ে পড়েছিলেন দুজন, ক্যাটিচ নাকি ক্লার্কের গলা পর্যন্ত চিপে ধরেছিলেন! এএফপি।