ক্লার্ক-পন্টিংময় অ্যাডিলেডের প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেড টেস্টের প্রথম দিনটি শুধুই অস্ট্রেলিয়ার। আরও নির্দিষ্ট করে বললে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের। সিডনির মতো অ্যাডিলেডেও ব্যাট হাতে রাজত্ব করছেন অস্ট্রেলিয়ার সদ্য বিদায়ী ও বর্তমান অধিনায়ক। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩৫ রানের মধ্যে ২৭৭ রানই ভাগাভাগি করেছেন পন্টিং ও ক্লার্ক। দিন শেষে অপরাজিত থাকা পন্টিংয়ের সংগ্রহ ১৩৭ ও ক্লার্কের ১৪০। সকালে টসে জিতে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। দিনের শেষটার মতো, শুরুটা কিন্তু এত উজ্জ্বল ছিল না অসিদের। দলীয় ২৬ ও ৩১ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা কেঁপে উঠেছিল তাদের আধিপত্যের ভিত। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর পরিস্থিতিটা ছিল বেশ বিপর্যয়কর। পন্টিং ও ক্লার্ক ২৫১ রানের জুটি গড়ে সেই বিপর্যয় সামলে অস্ট্রেলিয়াকে বসিয়েছেন চালকের আসনে। কাল তাঁরা এই জুটকে কত দূর নিয়ে যেতে পারবেন, সেটার ওপর এই টেস্টের অনেক কিছুই নির্ভর করছে।ভারত আজ পাঁচজন বোলারকে ব্যবহার করেছে। এঁদের মধ্যে অশ্বিন আর জহির খান ছাড়া আর কেউ সাফল্য পাননি। অশ্বিন আজ পার্থে তাঁকে উপেক্ষার ভালোই জবাব দিয়েছেন ২ উইকেট দখল করে। জহির খান ওয়ার্নারকে আউট করে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছিলেন, কিন্তু পরের বোলাররা সেই সুবিধাটা ধরে রাখতে পারেননি। উমেশ যাদব ছিলেন সবচেয়ে খরুচে। মোট ১২ ওভার বল করে ৮৭ রান দিয়ে তাঁর ঝুলি শূন্য। শেবাগ আজ ধোনির বহিষ্কারজনিত অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনিও ১৩ ওভার হাত ঘুরিয়েছেন। স্পিনিং উইকেটে সুবিধা নিতে বিরাট কোহলিকেও ব্যবহার করা হয় দিনের শেষ ভাগে।