ক্লার্ক-স্টেইনের জরিমানা
স্লেজিং করার দুর্নাম তাঁর আগে ছিল না। বরং অন্য অস্ট্রেলিয়ানদের তুলনায় নিপাট ভদ্রলোক হিসেবেই পরিচিত মাইকেল ক্লার্ক। কিন্তু এবারের অ্যাশেজের উত্তাপ বোধ হয় কিছুটা তাতিয়ে দিয়েছে ঠান্ডা মাথার সেই ক্লার্ককেও। গ্যাবায় ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে স্লেজিং করে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
স্লেজিংয়ের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনকেও। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েটি ম্যাচে আহমেদ শেহজাদের কাছে ছক্কা খেয়ে তাঁকে গালি দিয়েছিলেন স্টেইন।
ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন অ্যান্ডারসন ব্যাটিং করার সময় তাঁকে যথেচ্ছ খেপিয়েছেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। ওদিক থেকে তখন বল হাতে গতির ঝড় তুলছেন মিচেল জনসন। স্টাম্প মাইকে শোনা গেছে, সে সময় ক্লার্ক অ্যান্ডারসনকে বলছেন, ‘হাত ভাঙার জন্য তৈরি হও।’ শুধু তা-ই নয় পরে অ্যান্ডারসনের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর দিকে হাত তুলে অশোভন ইঙ্গিতও করেছেন ক্লার্ক। স্পষ্টতই এটিকে খেলোয়াড়দের আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। তবে আনুষ্ঠানিক শুনানি এড়াতে নিজেই অপরাধ স্বীকার করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ক্রিকেটে এমন অল্পবিস্তর বাক্যবিনিময় হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি, ‘এটা খেলারই অংশ। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়েরা জানে আমরা ওদের শ্রদ্ধা করি। এই টেস্টে আমরা বা ইংল্যান্ডের খেলোয়াড়েরা যা বলেছি, আমি ক্রিকেট মাঠে এর চেয়েও অনেক বাজে কথা বলতে শুনেছি।’ ওয়েবসাইট।