ক্লার্ক-হাডিনে পিষ্ট ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্ক যদি হন অ্যাডিলেড ওভালের স্বত্বাধিকারী, ব্র্যাড হাডিন তাহলে শেয়ারহোল্ডার!
প্রথম দিনে লড়াই হয়েছে সেয়ানে-সেয়ানে। কাল প্রিয় মাঠে অধিনায়ক ও তাঁর ডেপুটির দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে লাগাম এখন অস্ট্রেলিয়ার হাতে। তবে প্রিয় মাঠ হলেই কি মাঠের মালিক বনে যান! না, সত্যি সত্যি মালিকানা ক্লার্কের নয়। এই মাঠ সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনেরই সম্পদ। তবে ওই বস্তুগত মালিকানা ছাপিয়ে অনেকেই হয়ে ওঠেন অনেক মাঠের প্রতীক।
লর্ডসের প্রতীক যেমন গ্রাহাম গুচ, জ্যামাইকার গ্যারি সোবার্স, ইডেনের মোহাম্মদ আজহারউদ্দিন ও ভিভিএস লক্ষ্মণ, সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাহেলা জয়াবর্ধনে, ব্রায়ান লারা অ্যান্টিগার, ওভালের লেন হাটন। অ্যাডিলেড ওভাল মানেই তেমনি স্যার ডন ব্র্যাডম্যান। এখানে ৭ টেস্টে তাঁর গড় ১০৭.৭৭। তবে পারফরম্যান্সই একমাত্র কারণ নয়। যে ১০টি মাঠে খেলেছেন, তার পাঁচটিতেই ব্র্যাডম্যানের গড় এক শর বেশি (হেডিংলিতে ১৯২.৬০!)। অ্যাডিলেডের প্রতীক তিনি এটি তাঁর ঘরের মাঠ ছিল বলেও। তবে ব্র্যাডম্যানের পাশাপাশি অ্যাডিলেড মানে ক্লার্ক বলার সময়ও বুঝি হলো!
অ্যাডিলেডে ক্লার্কের গড় এখন ১০৪.৭৫। কাল ষষ্ঠ সেঞ্চুরি করে এই মাঠের রেকর্ডে ছুঁলেন রিকি পন্টিংকে। তবে পন্টিংয়ের লেগেছিল ১৭ ম্যাচ, ক্লার্কের লাগল ৯টি! ঘরের মাঠ এটি তাঁর নয়, তবে শুধু পারফরম্যান্স দিয়েই তো থাকতে পারেন ব্র্যাডম্যানের সমান্তরালে! সেটাই যদি হয় তাহলে দুজনের নাম নেওয়ার পর একটু দম নিয়েই মনে করতে হবে হাডিনকেও। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন এখানেই। পাঁচ টেস্টে এখানে হাডিনের গড় ১২১!
কাল সকালে একটি-দুটি উইকেট হারালে ছুটে যেতে পারত লাগাম। কিন্তু দুর্দান্ত সব শটে ক্লার্ক-হাডিন ইংলিশ ফিল্ডারদেরই ছোটালেন বলের পেছনে। আগের দিন দুজনেই খেলেছেন রয়ে-সয়ে, কাল প্রথম সেশনেই এল ১১৬ রান। লাঞ্চের আগেই ২৬তম টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন ক্লার্ক, ১৭৫ বলে। ১৮ রানে জীবন পাওয়ার পর কাল ৯১ রানেও পেয়েছেন আরেকবার। শেষ পর্যন্ত বেন স্টোকসকে প্রথম টেস্ট উইকেট উপহার দিয়ে ফিরেছেন ১৪৮ রানে।
স্টোকস প্রথম উইকেটটি পেতে পারতেন আগেই। হাডিনকে আউট করেছিলেন ৫১ রানে, কিন্তু বলটি ছিল ‘নো’! হাডিনই পরে ১১ চার ও ৪ ছক্কায় চতুর্থ টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন ১৫৭ বলে। ষষ্ঠ উইকেটে ক্লার্ক হাডিনের ২০০ রানের জুটি ভাঙার পরও রেহাই মেলেনি। ইংলিশদের চোখের পানি-নাকের পানি এক করে দশে নেমে ফিফটি করেছেন রায়ান হ্যারিস। ৯ উইকেটে ৫৭০ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
রানের বোঝা মাথায় নিয়ে নেমে জনসনের গোলায় স্টাম্প হারিয়েছেন কুক। ১৮ ওভারে ২৬ রানের শম্বুক জুটিতে দিন শেষ করেছেন কারবেরি-রুট। দিনের শেষ বলে জোরালো আবেদন থেকে বেঁচে গেলেন কারবেরি অস্ট্রেলিয়া রিভিউ না নেওয়ায়। আগের বলেই রানআউট থেকে বেঁচে গেছেন রুট। শেষটা যেন প্রতীকী—কম্পমান ইংল্যান্ড! ওয়েবসাইট।