ক্লার্ককে ছাড়াই অস্ট্রেলিয়া
শঙ্কাটাই সত্যি হলো অস্ট্রেলিয়ার। আজ চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুবারের চ্যাম্পিয়নরা পাচ্ছে না মাইকেল ক্লার্ককে। শুধু এই ম্যাচেই নয়, পিঠের পুরোনো চোটটা হয়তো পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে দেবে অস্ট্রেলীয় অধিনায়ককে। এই চোটই দুটি প্রস্তুতি ম্যাচও খেলতে দেয়নি ক্লার্ককে। ক্লার্কের পরিবর্তে এজবাস্টনে আজ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জর্জ বেইলি। ক্লার্ককে যে অস্ট্রেলিয়া আজকের ম্যাচে পাচ্ছে না, সেটা নিশ্চিত হয়েছে কাল সকালে। দলের ফিজিও অ্যালেক্স কন্টুরিস জানিয়েছেন, ক্লার্ক এখনো ফিরতে পারেননি অনুশীলনে।এমনিতেই প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার মনোবল শূন্যের কোঠায়। তার ওপর এল এই আঘাত। ভারপ্রাপ্ত অধিনায়ক বেইলিও মানছেন, ক্লার্ককে হারানোটা বড় একটা আঘাতই। কাল সংবাদ সম্মেলনে অবশ্য এটাকে একটা সুযোগ হিসেবেও দেখছেন বলে জানালেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক, ‘কোনো সন্দেহ নেই এটা প্রচণ্ড এক আঘাত। তবে আগামীকাল (আজ) সে নেই, এই তথ্যটা জেনেই আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের বাকি সবার জন্য সামনে এগিয়ে আসার চ্যালেঞ্জ ও সুযোগও এটা। তাকে ছাড়াও আমরা জিততে পারি, দলের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে এটাই।’ অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীরাও খুব একটা স্বস্তিতে নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্রই সিরিজ হেরেছে ইংল্যান্ড। ট্রেন্টব্রিজে শেষ ম্যাচটা জিতে ধবলধোলাই এড়াতে পারলেও নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও নেই দলটি। তবে ইংল্যান্ডের ওয়ানডে কোচ অ্যাশলি জাইলস আশা করছেন, আজই ঘুরে দাড়াবে তাঁর দল, দেখা দেবে স্বরূপে, খেলবে নিজেদের সেরা খেলাটাই। স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিনের চোট বিপদে ফেলেছিল ইংল্যান্ডকে। ট্রেন্টব্রিজে ব্রড-ফিনকে ফিরে পেয়েই জয়ে ফিরেছে স্বাগতিক দল। এই দুই পেসার কোনো সমস্যা ছাড়াই বোলিং করায় ইংলিশ শিবিরে ফিরে এসেছে স্বস্তিও। সামনে অ্যাশেজ। তাই এই ম্যাচের আগেও ঘুরেফিরে আসছে অ্যাশেজের কথা। তবে ইংলিশ অ্যালিস্টার কুক এখনই সেটা নিয়ে ভাবতে রাজি নন। তাঁর যত ভাবনা চ্যাম্পিয়নস ট্রফি নিয়েই, ‘সামনে অ্যাশেজ, তাই সবাই এটা নিয়েই কথা বলছে। চ্যাম্পিয়নস ট্রফিটা নিজেও কম গুরুত্বপূর্ণ নয়। আপনি শুরুটা ভালো করতে চাইবেন সেটা যেকোনো দলের বিপক্ষেই।’ ওয়েবসাইট।