ক্লার্ককে নিয়ে গ্রেগ চ্যাপেলের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর মাইকেল ক্লার্কের পারফরম্যান্স দারুণ। ভারত সফরের প্রথম টেস্টে চমত্কার এক শতকের পর গতকাল হায়দরাবাদ টেস্টেও ৯১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর পারফরমেন্সের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে ক্লার্ক খুব দ্রুতই টেস্ট ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন বলে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গ্রেগ চ্যাপেল।এই মুহূর্তে অবশ্য মাইকেল ক্লার্ক ১৩ হাজার রানের মাইলফলক থেকে অনেকখানিই দূরে আছেন। ৯০টি টেস্ট খেলে এখন পর্যন্ত ৭১৫০ রান সংগ্রহ করেছেন ক্লার্ক। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ডন ব্রাডম্যান (৬৯৯৬) ও গ্রেগ চ্যাপেলকে (৭১১০)। তবে ক্লার্কের যে আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে, সেটাই সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন চ্যাপেল। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে ক্লার্ক আগামীতে আরও অনেক রান করবে। সে এই মুহূর্তে খুবই দারুণ ফর্মে আছে। ক্যারিয়ারের সুবর্ণ একটা সময় পার করছে। এটা খুবই ভালো ব্যাপার।’টেস্ট ক্রিকেটের ১৩ হাজারি ক্লাবে এখন একমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে রিকি পন্টিং (১৩,৩৭৮)। সাবেক এই অধিনায়কের পদাঙ্ক অনুসরণ করে মাইকেল ক্লার্কও এই মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারবেন বলে মনে করছেন গ্রেগ চ্যাপেল। তিনি বলেছেন, ‘অধিনায়কত্বের দায়িত্বটা ক্লার্ক খুবই ভালোমতো পালন করছে। এটা তার কাছে খুব স্বাভাবিকভাবেই এসেছে। অনেকেই এটাকে চাপ মনে করে কিন্তু ক্লার্কের ক্ষেত্রে অধিনায়কত্বটা তাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করেছে। সব জায়গাতেই সে খুব সাবলীলভাবে ভালো করে যাচ্ছে। কাজেই ১৩ হাজারি ক্লাবে না পৌঁছানোর কোনো কারণ নেই।’— টাইমস অব ইন্ডিয়া