ক্লার্ককে ফিরিয়ে স্বস্তি ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লার্ককে ফিরিয়ে স্টুয়ার্ট ব্রডের উল্লাস। ছবি: রয়টার্স
ক্লার্ককে ফিরিয়ে স্টুয়ার্ট ব্রডের উল্লাস। ছবি: রয়টার্স

টেস্ট ক্যারিয়ারের ২০০তম উইকেটটির জন্য ভালোই অপেক্ষা করতে হলো স্টুয়ার্ট ব্রডকে। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে পেয়েছিলেন ১৯৯তম উইকেটটি। এরপর ৫১টি ওভার বল করেও সফলতা পাননি এই ডানহাতি পেসার। তবে দীর্ঘ অপেক্ষা শেষে যে উইকেটটা দিয়ে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন, তাতে শুধু ব্রডই না, পুরো ইংল্যান্ডই নেচে উঠেছে স্বস্তির আনন্দে। উইকেটটি যে ছিল অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের। ১৮৭ রানের দারুণ এক অধিনায়কোচিত ইনিংস খেলে ব্রডের শিকার হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪৪৪ রান। ক্লার্কের আগে আজ দ্বিতীয় দিনের শুরুতে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিয়েছিলেন গ্রায়েম সোয়ান। টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকটির অনেক কাছাকাছি এসেও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে স্মিথকে। ৮৯ রানের মাথায় সাজঘরে ফিরেছেন তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ওয়ার্নার। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান। ষষ্ঠ উইকেটে ব্রাড হ্যাডিনকে সঙ্গে নিয়ে আবারও ৬২ রানের জুটি গড়েছিলেন ক্লার্ক। এই জুটি খুব বেশি বিপজ্জনক হয়ে ওঠার আগেই ক্লার্ককে সাজঘরমুখী করেন ব্রড। পরের ওভারে পিটার সিডলের উইকেটটাও তুলে নিয়েছেন সোয়ান। তবে এখনো সংগ্রহ যতটা সম্ভব বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যাডিন। ব্যাট করছেন ৪০ রান নিয়ে।