ক্লার্কে আস্থা হাডিনের
অ্যাশেজ সিরিজে ভয়াবহ ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছে রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ার স্মরণকালের সবচেয়ে দুর্যোগপূর্ণ মুহূর্তে অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন মাইকেল ক্লার্ক। ৪৩তম অধিনায়ক হিসেবে অভিষেকটা হয়তো এভাবে চাননি তিনি। সিডনি টেস্টে যে প্রচুর চাপ নিয়েই মাঠে নামতে হবে ক্লার্ককে, তা খুব সহজেই অনুমান করা যায়। তবে ব্রাড হাডিনের কথায় কিছুটা স্বস্তি পেতে পারেন ক্লার্ক। নতুন অধিনায়কের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন হাডিন। সেই সঙ্গে ক্লার্কের নেতৃত্বে আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আশাবাদী অসি উইকেটরক্ষক।আজ সিডনিতে অনুশীলনের সময় হাডিন বলেছেন, ‘ক্লার্ক তাঁর নতুন দায়িত্ব পালন করার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি নিশ্চিত যে সে তার কাজটা খুব ভালোভাবেই করতে পারবে। আমাদের শতভাগ সমর্থন আছে ক্লার্কের প্রতি। আমি যেভাবে পারি তাকে সাহায্য করব। আমার ধারণা ক্লার্কই এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অধিনায়কের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি।’রিকি পন্টিংয়ের মতো মাইকেল ক্লার্কও এই অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে সফল হতে পারেননি। চার টেস্টে আট ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ১৪৮ রান। তবুও অস্ট্রেলীয় সমর্থকদের পূর্ণ সমর্থনই পাচ্ছেন ক্লার্ক। আর সিডনি টেস্টে তিনি ভালো খেলে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিতে পারবেন বলে আশাবাদী হাডিন।— ক্রিকইনফো