ক্লার্কের আইপিএলে খেলা নিয়ে বিতর্ক
আইপিএলের রংচঙা মচ্ছব থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। কাঁড়ি কাঁড়ি টাকার হাতছানিও উপেক্ষা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। গতবার প্রথমবারের মতো খেলেছেন পুনে ওয়ারিয়র্সের হয়ে। মাইকেল ক্লার্কের নাম এবারও আছে নিলামে। সবনিম্ন দর ৪ লাখ ডলার হলেও সেটি ১০ লাখে গিয়ে পৌঁছাতে পারে নিলামে। যোগী পুরুষের পক্ষেই এমন লোভ উপেক্ষা করা সম্ভব। কিন্তু এই টাকার কাছেই নিজেকে সঁপে দিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক জাতীয় দলের কথা গুরুত্ব দিয়ে ভাবছেন না বলে অভিযোগ উঠেছে। ওয়েবসাইট। টানা ক্রিকেটের মধ্যে আছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা সিরিজ শেষ হতে না-হতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে দল। এই সিরিজ শেষেই ভারত সফর। টানা ক্রিকেটের ধকল সামলাতে যখন ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়া, তখন এপ্রিল-মে টানা দুই মাস আইপিএল খেলাটা যৌক্তিক হবে না বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার-কর্তাদের কেউ কেউ। সাবেক অস্ট্রেলীয় নির্বাচক ট্রেভর হনস মনে করিয়ে দিচ্ছেন, এবার পর পর দুটি অ্যাশেজ। জুলাই আগস্টে ইংল্যান্ডে গিয়ে খেলবে অস্ট্রেলিয়া। নভেম্বরে অস্ট্রেলিয়ায় খেলতে আসবে ইংল্যান্ড। এমন ঠাসা সূচিতে ক্লার্কের বাড়তি বোঝা নেওয়া উচিত হয়নি বলে মনে করেন হনস।