ক্লার্কের এক হাত ভস্মাধারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশেজে আরেকটি সেঞ্চুরি। ডেভিড ওয়ার্নারের আরেকবার বাঁধভাঙা উদ্যাপন। পার্থে দ্বিতীয় ইনিংসে তাঁর ১৪০ বলে ১১২ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে গড়ে দিয়েছে ম্যাচ জয়ের ভিত ।  এএফপি
অ্যাশেজে আরেকটি সেঞ্চুরি। ডেভিড ওয়ার্নারের আরেকবার বাঁধভাঙা উদ্যাপন। পার্থে দ্বিতীয় ইনিংসে তাঁর ১৪০ বলে ১১২ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে গড়ে দিয়েছে ম্যাচ জয়ের ভিত । এএফপি

বাউন্ডারির পাশে ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথা বলছিলেন মাইকেল স্ল্যাটার। টিভি পর্দায় ভাসছিল ওয়ার্নারের উদ্যাপনের ছবি। লাফিয়ে যেন ছুঁতে চাইছিলেন আকাশ। মৃদু হাসিতে স্ল্যাটার বললেন, ‘তোমার সাবধান হওয়া উচিত, কাফ মাসলে টান লাগতে পারে কিন্তু!’ ওয়ার্নারের উত্তর, ‘আগেরবার লেগেছিল তো, এ জন্যই আজ একটু সতর্ক ছিলাম।’
তবে সতর্ক লাফেও আগেরবার, মানে ব্রিসবেনকে ছাড়িয়ে গেছেন ওয়ার্নার। স্ল্যাটারই বলছিলেন, ব্রিসবেনেরে চেয়েও বেশি উচ্চতায় লাফিয়েছেন ওয়ার্নার। বাঁহাতি ওপেনারের সঙ্গে উড়ছে অস্ট্রেলিয়াও। ব্রিসবেনে ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অ্যাশেজ অভিযান শুরু হয়েছিল দারুণ এক জয়ে। কালকের সেঞ্চুরি অনেকটাই নিশ্চিত করে দিল অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ফিরিয়ে আনা। তৃতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে লিড ৩৬৯ রান। ভস্মাধারে এক হাত রেখেই কাল ঘুমিয়েছেন মাইকেল ক্লার্ক। আজ জেগে উঠবেন দুহাতেই ওটাকে ছোঁয়ার বাসনায়।
৪ উইকেটে ১৮০ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড আর যোগ করতে পেরেছে মাত্র ৭১। ১৩৪ রানের লিডটাকে বাড়িয়ে ইংল্যান্ডের ধরাছোঁয়ার প্রায় বাইরে নিয়ে গেছে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিই। ফিফটির পর যখন পয়েন্টে ক্যাচ হলেন ক্রিস রজার্স, উদ্বোধনী জুটির রান তখন ১৫৭ আর অস্ট্রেলিয়ার লিড ২৯১! দুজনই খেলেছেন নিজেদের মতো। একপাশে ওয়ার্নার তুলেছেন ঝড়, আরেক পাশে রজার্স ছিলেন স্থিতধী।
গত ৭-৮ মাসে অনেক চড়াই-উতরাই পেরিয়ে বদলে যাওয়া ওয়ার্নার এবার আছেন স্বপ্নের ফর্মে। সেটা এমনি এমনিই হয়নি। ওজন কমিয়েছেন ১০ কেজি, নেটে অনেক ঘাম ঝরিয়ে বাড়িয়েছেন শটের ভান্ডার। একটা সময় ধরাবাঁধা কিছু শটই ছিল তাঁর সম্বল। এখন হাতে অসংখ্য শট, স্পিনে উন্নতিটা চোখে পড়ার মতো। কালকের ইনিংসটাই বদলে যাওয়ার একটি প্রমাণ, শট খেলেছেন উইকেটের চারপাশে। ফিফটি ছুঁয়েছেন ৫৬ বলে, সোয়ানকে স্কয়ার কাটে চার মেরে পঞ্চম টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন ১২৭ বলে। পাঁচ সেঞ্চুরির তিনটিই দ্বিতীয় ইনিংসে। ওপেনাররা সাধারণত প্রথম ইনিংসে বেশি সফল হলেও ওয়ার্নারের রেকর্ড দ্বিতীয় ইনিংসেই বেশি ভালো। এই সিরিজেই যেমন প্রথম ইনিংসে রান ৪৯, ২৯ ও ৬০, দ্বিতীয় ইনিংসে ১২৪, ৮৩* ও ১১২!
১৩ ও ৮৯ রানে দুবার অবশ্য স্টাম্পিংয়ের সুযোগ দিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু ম্যাট প্রায়রের ব্যাটিং-দুশ্চিন্তার গ্রহণ লেগেছে যেন কিপিংয়েও! সোয়ানকে একবার গ্যালারিতে পাঠিয়ে আবারও ওটা করতে গিয়ে আউট হয়েছেন ওয়ার্নার। পরে ওয়াটসন-ক্লার্করা সতর্ক ব্যাটিংয়ে বাড়িয়েছেন লিড। পাঁচ বছর আগে এই পার্থেই চতুর্থ ইনিংসে ৪১৪ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আজ তাই হয়তো লিডটা আরও অনেকই বাড়াতে চাইবেন ক্লার্ক।
সকালে ইংল্যান্ডকে গুটিয়ে দিতে অস্ট্রেলিয়ার লেগেছে মাত্র ২০ ওভার। দিনের তৃতীয় ওভারেই মিলেছে সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেট, এলবিডব্লু ইয়ান বেল। মিচেল জনসনের ইয়র্কারে শুধু উইকেটই হারাননি স্টুয়ার্ট ব্রড, যেতে হয়েছে হাসপাতালেও। পরে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়ামে ফিরেছেন, সতীর্থদের বোলিং দেখেছেন ড্রেসিংরুমে বসে। তবে ব্রডকে হারানোর চেয়ে বড় আঘাত সইবার জন্য সময় গুনছে এখন ইংল্যান্ড—অ্যাশেজ হারানো! তথ্যসূত্র: স্টার স্পোর্টস ১, ওয়েবসাইট।