ক্লার্কের চোখ এখন সমতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্ষেপ আছে, আছে প্রাপ্তিও। তাহলে কোনটি বেশি?অস্ট্রেলিয়ার অধিনায়ক, কোচ—দুজনই ক্রিকেট-দর্শনে দারুণ ইতিবাচক। কমবেশির হিসাবে না গিয়ে তাই আক্ষেপটাকে পাশে সরিয়ে প্রাপ্তিটুকুকে সামনে এগিয়ে যাওয়ার পাথেয় করতে চান মাইকেল ক্লার্ক ও ড্যারেন লেম্যান। তার পরও রাতে ম্যানচেস্টারের টিম হোটেলে শুয়ে বুকে চিনচিনে একটা ব্যথা অনুভব করতেই পারেন ক্লার্ক। ভাগ্যের কাছে মার খাওয়ার ব্যথা!গত পরশু সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরানোর সাহস পাচ্ছিলেন না ক্লার্ক। যে শঙ্কা নিয়ে, সেটাই শেষ পর্যন্ত সত্যি হয়ে এল হতাশার দুপুর আর বিষণ্ন বিকেলে। বৃষ্টিতে ধুয়ে গেল শেষ আশা। ইংল্যান্ডে পা রেখে বলেছিলেন অ্যাশেজ কেড়ে নেওয়ার স্বপ্নের কথা। প্রথম টেস্টে হার, দ্বিতীয় টেস্টে উড়ে যাওয়ার পরও কণ্ঠে ছিল স্বপ্নপূরণের প্রতিজ্ঞা। লক্ষ্যপূরণের সম্ভাবনা জিইয়ে ছিল ওল্ড ট্রাফোর্ডের শেষ দিন লাঞ্চ পর্যন্ত। কিন্তু লাঞ্চের পর খেলাই হলো মাত্র তিন বল!তবে অধিনায়ককে তো আর হতাশায় ডুবে থাকলে হয় না। ক্লার্কের দর্শনেও ব্যাপারটি নেই। ওল্ড ট্রাফোর্ডের পারফরম্যান্সে উদ্বুদ্ধ হয়ে ঠিক করে ফেলেছেন নতুন লক্ষ্য, ‘সিরিজটা যদি আমরা সমতায় শেষ করতে পারি, অনেক আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরব। এখানে চার দিন ধরে যেভাবে খেলেছি আমরা, সেটা ধরে রাখতে পারলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে বলেই বিশ্বাস আমার।’কোচ লেম্যানের তো দাবি, ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে একটা ফাটল দেখিয়ে দিয়েছে তাঁর দল, ‘প্রথম দুই টেস্টে রুটের একটি বড় সেঞ্চুরি ছিল, বেল করেছে দুটি। কিন্তু আমরা দেখিয়েছি যে ওদের ব্যাটিংয়ে কিছু ফাটল আছে।’ সেই ফাটল মানে সিরিজে এখনো সেভাবে জ্বলে উঠতে না পারা কুক-ট্রট-বেয়ারস্টো কি না, সেটা অবশ্য খোলাসা করলেন না, ‘শুধু ওই তিনজনই নয়, ওদের আট ব্যাটসম্যানের ব্যাপারেই আমাদের ভালো ধারণা আছে, আমাদের জন্য যা দারুণ।’সেই ধারণা পাওয়ার প্রমাণটা রাখতে হবে পরের টেস্টেই। নইলে পেতে হবে টানা তৃতীয় অ্যাশেজ হারের তেতো স্বাদ। এমনিতেই এই দল গত কিছুদিনে কম বিব্রত করেনি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের কাছে টেস্টে হার, ভারতে গিয়ে ৪-০-তে হার, কেপটাউনে সেই ৪৭ বা এই সিরিজেই লর্ডসে ১২৮ রানে গুটিয়ে যাওয়া। পরের দুই টেস্টের একটিও হারলে সঙ্গে যোগ হবে ১৯৫৬ সালের পর প্রথম টানা তিন অ্যাশেজ হারার কলঙ্ক।ব্যাটিংটার কারণেই মূলত বারবার লজ্জা পেতে হচ্ছে ক্লার্কদের। লর্ডসে ১২৮ রানে গুটিয়ে যাওয়াটা যেমন এখনো মানতে পারছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘লর্ডসের প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি, আমার ক্যারিয়ারে সবচেয়ে বাজে আর যে কিছুর মতোই কষ্ট পেয়েছি তাতে। অধিনায়ক হিসেবে তো সবচেয়ে বেশি অবশ্যই। দক্ষিণ আফ্রিকায় আমরা ৪৭ রানে গুটিয়ে গিয়েছিলাম। কিন্তু ওখানে অন্তত উইকেট সিমিং ও সুইঙ্গিং ছিল। লর্ডসের প্রথম ইনিংসে উইকেট ব্যাটিংয়ের জন্য ছিল দারুণ।’একটা সান্ত্বনা কিংবা স্বস্তি অবশ্য আছে অস্ট্রেলিয়ার। এই ড্রয়ে শেষ হয়েছে ছয় ম্যাচে পরাজয়ের ধারা। টানা সাত ম্যাচ হারলে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড ছুঁয়ে ফেলত ক্লার্কের দল। টানা সাত টেস্টে হারার ওই কলঙ্ক ১৮৮৫ থেকে ৮৮ সালের মধ্যে। তবে ক্লার্কের যেমন চরিত্র, এই পরিসংখ্যানের আশ্রয়ে স্বস্তি খুঁজছেন না মোটেও, ‘কোনো সংশয়ই নেই যে, আমার ও আমাদের লক্ষ্য ছিল এখানে এসে অ্যাশেজ ফিরিয়ে নেওয়া। সেটা হলো না। আমি নিশ্চিত করে বলতে পারি, ড্রেসিংরুমে সবাই খুব কষ্ট পাচ্ছে।’পরের দুই টেস্টে কষ্টগুলোর প্রতিফলন পারফরম্যান্সে ফেরাতে পারলেই রক্ষা। নইলে আরও বড় কষ্ট নিয়ে উঠতে হবে দেশে ফেরার বিমানে! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।