ক্লার্কের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার জন্য বক্সিং ডে টেস্টটি বরাবরই একটা বিশেষ অর্থ বহন করে। এই বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ইভেন্ট হিসেবেও বিবেচিত। কিন্তু আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে যাওয়া এই বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়ান শিবিরে ভর করেছে ইনজুরির আশঙ্কা। হাঁটুর ইনজুরির কারণে অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক শ্রীলঙ্কার বিপক্ষে এ বছরের বক্সিং ডে টেস্টে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ক্লার্ককে নিয়েই মাঠে নামার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে হাঁটুতে আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এর পর থেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েছে বক্সিং ডে টেস্টে ক্লার্কের মাঠে নামার বিষয়টি। তবে গত কদিনে বেশ খানিকটা উন্নতি হয়েছে ৩১ বছর বয়সী ক্লার্কের। আজ মঙ্গলবার বেশ খানিকক্ষণ ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলনে অংশ নিয়েছেন টেস্টে এ বছরের সর্বোচ্চ রান শিকারি। আগামীকাল মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মাঠে নামতে পারবেন বলে আশা করছেন ক্লার্ক। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আগামীকাল মাঠে নামার ব্যাপারে আমি আশাবাদী। আমি হয়তো এক শ ভাগ সুস্থ হয়ে উঠিনি। কিন্তু গত তিন দিনে আমি অনেকখানিই সুস্থ হয়ে উঠেছি।’তার পরও যদি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে মাইকেল ক্লার্ক ছাড়াই মাঠে নামতে হয়, তাহলে হয়তো তাঁর জায়গায় দলে সুযোগ পাবেন উসমান খাজা। তবে সে রকম পরিস্থিতির মুখে পড়তে হবে না বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ মাইকেল আর্থার। তিনি বলেছেন, ‘আমাকে যদি বাজি ধরতে বলা হতো, তাহলে আমি “মাইকেল ক্লার্ক বক্সিং ডে টেস্টে দলকে নেতৃত্ব দেবে”র পক্ষেই বাজি ধরতাম।’ রয়টার্স।