ক্লার্কের জায়গায় ফার্গুসন
গত মাসে ঘোষিত ১৪ জনের দলে তাঁকে অধিনায়ক হিসেবেই রেখেছিলেন নির্বাচকেরা। কিন্তু দুর্ভাগ্য মাইকেল ক্লার্কের। চোটের কারণে শেষ পর্যন্ত ভারত সফরের দল থেকেই ছিটকে গেলেন। ক্লার্কের জায়গায় দলে ডাক পেয়েছেন ক্যালাম ফার্গুসন। অধিনায়কের দায়িত্ব বর্তেছে জর্জ বেইলির কাঁধে।
কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পিঠের চোট মাথাচাড়া দিয়ে ওঠে অস্ট্রেলিয়ান অধিনায়কের। ধারণা করা হয়েছিল, হয়তো ভারত সফরের আগেই ফিট হয়ে যাবেন তিনি। তবে দলের ফিজিও অ্যালেক্স কন্টুরিস গতকাল জানিয়েছেন, ‘সেরে উঠতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগছে ক্লার্কের। এ জন্য তার আরেকটু লম্বা চিকিৎসার দরকার হবে।’ ঠিক এ কারণেই তাঁকে আপাতত দলের বাইরে রাখা হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক জন ইনভেরারিটি, ‘ক্লার্কের খুব ইচ্ছা ছিল ভারত সফরে যাওয়ার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ও দলে থাকার মতো আশানুরূপ উন্নতি করতে পারেনি।’ অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য অবশ্যই নভেম্বরে দেশের মাটিতে ফিরতি অ্যাশেজ। বোঝাই যাচ্ছে, এর আগে তাঁকে খেলিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্লার্কের জায়গায় যিনি দলে এসেছেন, সেই ক্যালাম ফার্গুসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন প্রায় আড়াই বছর আগে। তবে ২০০৯ সালে অভিষিক্ত এই ডানহাতি ব্যাটসম্যান সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে আছেন দারুণ ফর্মে। রায়োবি কাপে ৪৫ গড়ে ২৭১ রান করেছেন, স্ট্রাইক রেট প্রায় ৭০।
১০ অক্টোবর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার ভারত সফর। সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ১৩ অক্টোবর। এএফপি।