ক্লার্কের লক্ষ্য ধারাবাহিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টুকটাক অভিজ্ঞতা আছেই। কিন্তু আজ শুরু আসল অধিনায়কত্বের পালা। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে রোমাঞ্চিতই দেখাল মাইকেল ক্লার্ককে স্থায়ী অধিনায়ক হিসেবে শুরুর আগের দিন কেমন লাগছে?মাইকেল ক্লার্ক: অবশ্যই আমি খুবই রোমাঞ্চিত। এই সফরে আমি খুবই ভালো করতে চাই। প্রস্তুতি ম্যাচটাও ভালো হয়েছে। ব্যাটসম্যানরা রান পেয়েছে। বোলাররাও ভালো বোলিং করেছে। আগামীকালের (আজ) ম্যাচটি নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। এখানকার মাঠ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা সত্যিই দুর্দান্ত। আউটফিল্ডটা দারুণ। উইকেটটাও বেশ ভালো। আগামীকালের (আজ) চ্যালেঞ্জটির জন্য তাই মুখিয়ে আছি। বাংলাদেশকে কীভাবে মূল্যায়ন করেন...ক্লার্ক: বাংলাদেশ কয়েক বছর ধরেই ভালো খেলছে। বিশ্বকাপেও তাই। ওরা সম্ভবত আগের চেয়ে বেশি ধারাবাহিক হয়ে উঠছে। দলে অনেক প্রতিভাবান খেলোয়াড়। ভালো ভালো ব্যাটসম্যান, বোলার। আমাদের সতর্ক থাকতেই হবে। নিজেদের কন্ডিশনে খেলছে বলে ওরা আরও কঠিন প্রতিপক্ষ হয়েই দেখা দেবে। উইকেটটা খুবই ধীর ও স্পিনসহায়ক হবে ধারণা করছি। ওদের ভালো ভালো স্পিনারও আছে। তবে আমাদের প্রস্তুতিটাও কিন্তু কাল (পরশু) ভালো হয়েছে। আমরা এই কন্ডিশনে বেশ কিছুদিন ধরেই খেলছি। বোলাররা ভালো করছে, ব্যাটসম্যানরাও রান পাচ্ছে। আমি কালকের (আজ) চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। রিকি পন্টিংয়ের উপস্থিতি দলে কতটা প্রভাব ফেলবে?ক্লার্ক: রিকির উপদেশ আমাকে অনেক সাহায্য করেছে। আমি ওর ডেপুটি থাকার সময়ও যেমন, এখনো তা-ই। আমি রিকিকে খোলাখুলিই বলেছি, তার অভিজ্ঞতা সামনের দিনগুলোয়ও চাই। আমার মতো অনভিজ্ঞ অধিনায়কের জন্য ওর বিশাল অভিজ্ঞতা দরকার। মাঠে, মাঠের বাইরে আমাদের সম্পর্ক সব সময়ই দৃঢ় ছিল। আশা করি, পাল্টাবে না। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকেই মনে হচ্ছে ও ফর্মে ফিরেছে। আমার দৃঢ়বিশ্বাস, আগামীকালও (আজ) ও গুরুত্বপূর্ণ ইনিংস খেলবে।  চরিত্রগতভাবে দলে কী কী পরিবর্তন আসছে?ক্লার্ক: খুব বেশি কিছু নয়, আমি একটা জিনিসের পরিবর্তন চাই—ধারাবাহিকতা। গত কয়েক বছরে আমরা যেমন খুবই ভালো ক্রিকেট খেলেছি, মাঝেমধ্যে খুব খারাপও খেলেছি। আমি তাই ধারাবাহিকতা চাই। প্রতিদিনই আমরা যেন আগের দিনের চেয়েও ভালো খেলি। সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব জায়গায় উন্নতি চাই। এই সফরে সুনির্দিষ্ট কী কী উন্নতি চান?ক্লার্ক: অস্ট্রেলিয়া ওয়ানডে দল যখন সাফল্য পেয়েছে, প্রথম চার ব্যাটসম্যানের কেউ না-কেউ বড় ইনিংস খেলেছে। অথচ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আমরা মাত্র একটা সেঞ্চুরি পেয়েছি। আমাদের লক্ষ্য এই সিরিজের তিন ম্যাচেই টপ-অর্ডারের কেউ বড় রান করুক। আগের মতো এখনো বোলিংয়ে মূল ব্যাপারটি হলো শৃঙ্খলা। নতুন বলে ঠিক জায়গায় বল ফেলা, গতিতে বৈচিত্র্য আনা, বাউন্সার, শেষের দিকে ইয়র্কার ব্যবহার করতে হবে। ফিল্ডিংয়ের মানও বাড়ানো দরকার। গত এক-দেড় বছর আমাদের ফিল্ডিং ধারাবাহিক ছিল না। অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া কতটা চাপের?ক্লার্ক: বাড়তি কিছু চাপ তো অবশ্যই এসে যায়। তবে আমার চোখে সেটি ইতিবাচক। আমাদের এই দলটা খুবই ভালো, অনেক প্রতিভাবান ক্রিকেটার নিয়ে গড়া। ভবিষ্যতে আমরা খুবই সফল একটা দল হয়ে উঠতে পারি। আশা করি, এই সফরটাও জয় দিয়েই শুরু করতে পারব। আপাতত আমাদের প্রধান লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।  সিরিজের ফলাফল কী হবে?ক্লার্ক: আমি চাইব, অস্ট্রেলিয়া ৩-০-তে জিতুক (হেসে)। তামিম ইকবাল উইজডেন বর্ষসেরা হয়েছেন, বিষয়টা কীভাবে দেখেন?ক্লার্ক: ও অবশ্যই বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। খুবই প্রতিভাবান। কয়েক মাস ধরে আসলেই ভালো খেলছে। আমরা চাইব, কালকের ম্যাচে যেন কিছু করতে না পারে। দল হিসেবে বাংলাদেশ খুবই প্রতিভাবান। তা ছাড়া নিজেদের কন্ডিশনে খেলাটাও ওরা উপভোগ করবে। বাংলাদেশকে হারাতে চাইলে আমাদের সেরা খেলাটাই চাই।