ক্লার্কের সঙ্গে ক্যারিবীয়রাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় ক্রিকেট একদমই কলকে পায়নি। সেই দেশের সিংহভাগ মানুষ এ খেলা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। অথচ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ক্রিকেটের একটা সেতুবন্ধ হয়ে গেল। তৈরি করে দিলেন ক্রিস গেইল। বিশ্বজয়ের আনন্দে শুরু করে দিলেন গ্যাংনাম নাচ, যে নাচের জনক সাইয়ের বাড়ি দক্ষিণ কোরিয়াতেই।এই নাচ দিয়ে সাইয়ের পরিচয় সারা বিশ্বে এমন এমন জায়গায় ছড়িয়ে পড়ছে, সেটার হদিস তিনি নিজেই রাখতে পারবেন না। এই গ্যাংনাম নাচ দিয়ে সারা বিশ্বে গেইলরাও একটা বার্তা ছড়িয়ে দিয়েছেন—‘দেখো, আমরাও পারি। আমাদের রক্তে এখনো ক্যারিবীয় ক্রিকেটের শৌর্য প্রবাহিত।’ স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৯ সালে বিশ্বকাপ জেতার পর এককালের সম্রাটদের মাথায় আবার উঠল রাজমুকুট। হোক না টি-টোয়েন্টি, বিশ্বকাপ তো!ঠিক মুকুট নয়, দেখতে গদার মতো। টেস্ট শ্রেষ্ঠত্বের সেই গদা এবার উঠেছে দক্ষিণ আফ্রিকার হাতে। আগের বছর তখনকার এক নম্বর দল ভারতকে হারিয়ে গদাটা নিজেদের হাতে নিয়েছিল ইংল্যান্ড। সেই ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজে হারিয়ে এক নম্বর দল হয়েছে প্রোটিয়ারা। যোগ্যতম দলের হাতেই যে গদাটা আছে সেই ‘লিটমাস টেস্ট’ ইংল্যান্ড সফরের পর দক্ষিণ আফ্রিকা দিয়েছে অস্ট্রেলিয়ায় গিয়েও সিরিজ জিতে। এই সিরিজে হারলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব অস্ট্রেলিয়ার কাছে সঁপে দিতে হতো। দুর্দান্ত লড়াই করে ম্যাচ বাঁচানোর পর দারুণ এক জয়ে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রায়েম স্মিথের দল। র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও ভারতকে তাদেরই মাটিতে ২৮ বছর পর টেস্ট সিরিজে হারানোর তৃপ্তি নিয়ে বছর শেষ করেছে ইংল্যান্ড।এক নম্বরে ওঠার পূর্বাভাস অনেক দিন ধরেই দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ১০ সিরিজে হারেনি। জিতেছে গত চার সিরিজেই। এ বছর ১০ টেস্টের একটিতেও হারেনি। এই ১০ টেস্টের ৯টিই খেলেছে বিদেশে! ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার—এই পেসত্রয়ী, চিরসবুজ অলরাউন্ডার জ্যাক ক্যালিস, রানমেশিন হাশিম আমলা দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দিয়েছে এই সাফল্যচূড়ায়। অ্যালান বোর্ডারকে টপকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক এখন স্মিথ (৯৭ ম্যাচ)।ব্যক্তিগতভাবে এই বছরটা ছিল মাইকেল ক্লার্কের। বছর শুরু করেছিলেন ভারতের বিপক্ষে সিডনি টেস্টে অপরাজিত ৩২৯ রানের ইনিংস দিয়ে। শেষ করলেন বক্সিং ডে টেস্টে ১০৬ রানে ইনিংস খেলে। মাঝখানেও শুধুই ক্লার্ক। এ বছর ১১ টেস্ট খেলে ব্র্যাডম্যানীয় গড়ে (১০৬.৩৩) ১৫৯৫ রান। ক্লার্ক এমন কিছু করেছেন, যেটা ব্র্যাডম্যানও করতে পারেননি। তাঁর ৫ সেঞ্চুরির চারটিই ডাবল। এক বছরে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। অস্ট্রেলিয়ার পক্ষে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডও ভেঙেছেন দলের অধিনায়ক।রিকি পন্টিংয়ের যোগ্য উত্তরসূরি হিসেবেই দলকে আবার কক্ষপথে ফেরাচ্ছেন। নিশ্চিন্ত মনেই তাই অবসরে যেতে পেরেছেন পন্টিং। ডিসেম্বরের পার্থ টেস্টের আগে বিদায় জানিয়ে দেন ক্রিকেটের সফলতম অধিনায়ক। ক্রিকেটকে বিদায় বলেছেন আরও দুই মহারথী—রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ। সেই সোনালি প্রজন্মের শেষ প্রতিনিধি হিসেবে থেকে গেলেন শচীন টেন্ডুলকার। যদিও মাত্রই কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন রেকর্ডের মহারাজাও। তারও আগে গত মার্চে ক্রেকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকার গড়েছেন শততম সেঞ্চুরির কীর্তি।দুর্ভাগ্যজনক বিদায় নিতে হয়েছে মার্ক বাউচারকে। সমারসেটের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে স্টাম্পের বেল ছিটকে গিয়ে নষ্ট করে দিয়েছে তাঁর বাঁ চোখ। মৃত্যুকে জয় করে আবার ফিরে এসেছেন যুবরাজ সিং।ব্যক্তিগত আরও কিছু অর্জন আছে এই বছরের পাতায়। ওপেনার হিসেবে টেস্টে দ্রুততম সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার (৬৯ বলে)। ১০০ বছর পর টেস্টে ১০ নম্বরে নেমে অভিষেকেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের আবুল হাসান। টি-টোয়েন্টিতে ৪৫ বলে সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। বিশ্ব রেকর্ড করেছেন ইমরান তাহিরও। অবশ্য বাকিদের সঙ্গে তাঁর পার্থক্য, সেই রেকর্ডটা তিনি ভুলেই যেতে চাইবেন। তাহির যে অ্যাডিলেড টেস্টে ২৬০ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য! রয়টার্স।