ক্লার্কের সমস্যা দুদিকেই
নিউজিল্যান্ডে কবে ফিরবেন মাইকেল ক্লার্ক, সেটা খোদ ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) জানে না। তার পরও ধরেই নেওয়া হচ্ছে দুই টেস্টের সিরিজে তিনি খেলবেন। কাল টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের যে দল ঘোষণা করেছে সিএ, তাতে ক্লার্কের নাম আছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কারের মূল্যস্বরূপ প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার স্টিভেন স্মিথ।চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে হঠাত্ করেই ‘ব্যক্তিগত’ কারণে দেশে ফিরে যান ক্লার্ক। ম্যাগাজিনে নগ্ন ছবি ছাপা হওয়ায় অস্ট্রেলিয়ায় চরম বিতর্কে পড়া বাগদত্তা লারা বিঙ্গলের পাশে দাঁড়াতেই ক্লার্ক অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে অক্রিকেটীয় কারণে ক্লার্কের দেশে ফেরাটাকে ভালো চোখে দেখছেন না অনেকেই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল যেমন প্রশ্ন তুললেন ভবিষ্যত্ অধিনায়ক হিসেবে ক্লার্কের ‘সুস্থিতি’ ও ‘স্থায়িত্ব’ নিয়ে। ‘আমি বুঝি বিষয়টার শেষ স্থানীয়ভাবেই শেষ হওয়া উচিত ছিল। কিন্তু আমি যদি নির্বাচক হই তাহলে এ ঘটনাটা আমার মনে থাকবে। যদি মাইকেল ক্লার্কের সমান সামর্থ্যের আর একজন প্রার্থী থাকে, তাহলে সেই বেশি গুরুত্ব পাবে। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হওয়ার জন্য আমার কাছে সুস্থিতি এবং স্থায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ’—বললেন ইয়ান চ্যাপেল।দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ১৯ মার্চ শুরু হবে ওয়েলিংটনে। তবে টেস্ট সিরিজের শুরু থেকেই ক্লার্ককে পাওয়ার আশা করছেন সিএর কর্মকর্তা মাইকেল ব্রাউন, ‘টেস্ট সিরিজে খেলা নিয়ে গত কয়েক দিন তার সঙ্গে কথা বলেছি। আবারও কথা বলব। আশা করছি টেস্ট দলে তাকে আমরা পাব।’অস্ট্রেলিয়া টেস্ট দল: সাইমন ক্যাটিচ, শেন ওয়াটসন, রিকি পন্টিং (অধিনায়ক), মাইক হাসি, মাইকেল ক্লার্ক, মার্কাস নর্থ, ফিলিপ হিউজ, স্টিভেন স্মিথ, ব্র্যাড হাডিন, মিচেল জনসন, নাথান হরিজ, রায়ান হ্যারিস, ক্লিন্ট ম্যাকাই ও ডগ বলিঞ্জার।