ক্লার্কের 'দশে ১০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাড়ে কাঁপন জাগানো ফাস্ট বোলিং তিনি ফিরিয়ে এনেছেন। ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছেন মূর্তিমান আতঙ্ক। ভয়ংকর এই ফাস্ট বোলারের চোখে অশ্রু তো লজ্জারই ব্যাপার! চোখ থেকে পানি যেন গাল বেয়ে নামতে না পারে, এ জন্যই বুঝি শূন্যে তাকালেন মিচেল জনসন। ধরে আসা গলায় বললেন, ‘এই অনুভূতি বোঝানোর নয়।’

আবেগে কথাই বলতে পারছিলেন না রায়ান হ্যারিস। চোখের কোণে চিকচিক করে ওঠা অশ্রু সামলে শুধু বললেন, ‘অসাধারণ...।’ মুখে হাসি, মনে আবেগের প্লাবন মাইকেল ক্লার্কেরও। মাইক্রোফোন এগিয়ে ধরা প্রিয় বন্ধু শেন ওয়ার্নের দিকে তাকিয়ে বললেন, ‘কী যে বলি ওয়ার্নি...জানি না আসলে কী বলা উচিত, কীভাবে বলা উচিত...।’

পেশাদারির চূড়ান্ত উদাহরণ মানা হয় তাঁদের। সেই পরকাষ্ঠা এমনই শক্ত যে ফাঁক গলে আবেগ প্রবেশ করা বড্ড দুঃসাধ্য। কিন্তু কে জানত, সেই অস্ট্রেলিয়ানদের মধ্যেই লুকিয়ে আছে এমন আবেগ! খুব বেশিদিন হয়নি, অ্যাশেজ ছিল অস্ট্রেলিয়ারই সম্পত্তি। জয়-পরাজয় নিয়ে কখনোই সংশয় থাকত না, সিরিজটা খেলা হতো যেন স্রেফ ব্যবধান ঠিক করার জন্য। অথচ সেই অস্ট্রেলিয়াই কি না হেরে বসল টানা তিন অ্যাশেজ! এবারও সিরিজ শুরুর আগে খুব একটা পাত্তা পাননি ক্লার্করা। অথচ সেই দলটিই অ্যাশেজ ফিরিয়ে আনল প্রথম তিন টেস্টেই। এ জন্যই কিনা, অস্ট্রেলিয়ার উদ্যাপন হলো আবেগের মাখামাখিতে।

পারফরম্যান্স-আবেগ-অনুভূতি মিলিয়ে ক্লার্কের কাছে এই অ্যাশেজ জয় ‘দশে ১০’। টানা তিন অ্যাশেজ হারের পর এবারের জয় যে এমনি এমনি আসেনি, সেটাও মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘ছেলেরা অসাধারণ খেলেছে। তবে এমন পারফরম্যান্স রাতারাতি আসেনি। দেড়-দুই বছর ধরে আমরা যে হাড়ভাঙ্গা খাটুনি খেটে যাচ্ছি, সেটিরই ফল পেলাম।’

কঠিন পরিস্থিতিতে কোচের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলকে টগবগে করে তুলেছেন ড্যারেন লেম্যান। বোলিং কোচের দায়িত্বে ফিরে ক্রেইগ ম্যাকডারমট কেমন করেছেন, সেটার প্রমাণ তো জনসন-হ্যারিসদের বোলিংয়েই। পর্দার আড়ালে থাকাদের প্রাপ্য কৃতিত্বটা দিতে ভোলেননি ক্লার্ক। ছিল প্রতিপক্ষের জন্য সহমর্মিতাও, ‘ইংল্যান্ডের এখন কেমন লাগছে, আমি জানি। আমাদেরও তো এই অভিজ্ঞতা সইতে হয়েছে!’

তবে এই সহমর্মিতা মানে যে ছাড় নয়, সেটি ক্লার্ক পরিষ্কার করে দিয়েছেন লক্ষ্যের কথা জানিয়েই, ‘হোয়াইটওয়াশ ভাবনায় এখনই বুঁদ হতে চাই না। আগে সিরিজ জয় উপভোগ করব যতটা পারা যায়। তবে এটুকু নিশ্চিত করতে পারি, আত্মতৃপ্তিতে ভুগব না আমরা। প্রথম দুই টেস্টের পুনরাবৃত্তি করতে চাই পরের দুই টেস্টেও। ৫-০ করতে পারলে দারুণ লাগবে।’ স্টার স্পোর্টস ১, ওয়েবসাইট।