ক্লাসিকো ফাইনালের আশায় স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতির পাতা উল্টে এক বছর পেছনে ফিরে তাকানো যাক। গত বছরও চ্যাম্পিয়নস লিগের ড্রতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পড়েছিল দুই সেমিফাইনালে। ড্রয়ের পর মিশেল প্লাতিনি উচ্ছ্বসিত হয়ে বলেই ফেলেছিলেন, ‘আমি দিব্য দৃষ্টিতে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার স্বপ্নের ফাইনালটাই দেখতে পাচ্ছি।’ কিন্তু গত বছর উয়েফা সভাপতির ভবিষ্যদ্বাণীটা মেলেনি। রিয়াল ও বার্সাকে হারিয়ে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল খেলেছিল বায়ার্ন মিউনিখ ও চেলসি।এবার ফিরে আসা যাক বর্তমানে। এবারও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ড্রতে রিয়াল-বার্সার আলাদা প্রতিপক্ষ। রিয়ালের প্রতিপক্ষ ডর্টমুন্ড, বার্সার বায়ার্ন। এখন পর্যন্ত উয়েফা সভাপতির কোনো মন্তব্য শোনা যায়নি। তবে পরশু সন্ধ্যার নিয়নের ড্র থেকে পুরো স্পেনই আঁকতে শুরু করেছে রিয়াল-বার্সার স্বপ্নের ফাইনালের ছবি। সারা বিশ্বও কি নয়!গত বছরের মতো হতে পারে উল্টোটাও। কল্পনাবিলাসীদের হতাশ করে আগামী ২৫ মে ওয়েম্বলির ফাইনালটা হয়ে উঠতে পারে ‘অল জার্মান’ ফাইনালও। গত তিন মৌসুমে দুবারই ফাইনালে খেলা বায়ার্ন এবার আরও অপ্রতিরোধ্য। ছয় ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে লিগ শিরোপা। কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের মতো দলকে দুই লেগেই নাকাল বানিয়ে (৪-০) উঠেছে সেমিফাইনালে। কাজেই প্রতিপক্ষ বার্সেলোনা যত শক্তিশালীই হোক, গত বছর রিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠা বায়ার্ন ফাইনালের স্বপ্নটা দেখতেই পারে। দেখতে পারে ডর্টমুন্ডও।এবারই গ্রুপ পর্বে নিজেদের মাঠে ২-১ গোলে জেতার পর রিয়ালের মাঠে এসে ২-২ গোলে ড্র করে যায় ডর্টমুন্ড। সেমিফাইনালে তার পুনরাবৃত্তি হবে না, সেই নিশ্চয়তা কে দেবে! আবার ‘অল স্প্যানিশ’, ‘অল জার্মান’ ফাইনালের পরিবর্তে হতে পারে স্পেন-জার্মান লড়াইও। তবে কল্পনার চোখ রিয়াল-বার্সা ফাইনালের সম্ভাবনাই বেশি দেখছে। স্পেনের ক্রীড়া দৈনিক এসএর সম্পাদক আলফ্রেডো রেলানো মনের আয়নায় দেখতে পাচ্ছেন ইতিহাসের প্রথম রিয়াল-বার্সা ফাইনালই, ‘মাদ্রিদ-বার্সা ফাইনালটা হবে স্বপ্নের ফাইনাল। ক্লাব দুটির ১১০ বছরের চিরায়ত প্রতিদ্বন্দ্বিতা, গত চার বছরে তিনবারই দল দুটির সেমিফাইনালে ওঠাটা পুরো বিশ্বেই মনোযোগটা বাড়িয়েছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা ক্লাসিকোর পাওনা।’এবার ফাইনাল নিয়ে আসছে একটা ঐতিহাসিক উপলক্ষও। ২০১০-১১ মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল ওয়েম্বলিতে। এক মৌসুমের ব্যবধানে আবারও সেই ওয়েম্বলিকেই ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেওয়ার কারণ, বছরটি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর। দেড় শ বছর আগে ইতিহাসের প্রথম ফুটবল অ্যাসোসিয়েশন হিসেবে গঠিত হয়েছিল এফএ। এখানেই রচিত ফুটবলের প্রথম আইনকানুন। আর ওয়েম্বলিতে সেই ফাইনালটা যদি হয় ‘এল ক্লাসিকো’, ফুটবল রোমান্টিকদের কাছে এর চেয়ে রোমাঞ্চের আর কী হতে পারে! রেলানো বলছেন, ‘চূড়ান্ত দ্বৈরথটা হতে যাচ্ছে শহরের প্রধান সরণিতে। ওয়েম্বলিতে ফাইনাল, ১৫০ বছর আগে যে শহরে ফুটবলের জন্ম হয়েছিল, সেখানেই এই অলৌকিক ঘটনাটা ঘটুক। আমি সেই স্বপ্নই দেখছি।’রিয়ালের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো প্রতিপক্ষকে সমীহ করেও ড্রয়ের পরই বলে দিয়েছেন, ফাইনালের ছবিটাই দেখছেন তিনি। বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতার চোখও ফাইনালের দিকেই, ‘যখন আপনি বায়ার্নের স্কোয়াড এবং ইতিহাসের দিকে তাকাবেন, দেখবেন তারা গ্রেট এক ক্লাব। কিন্তু যখন আমি আমাদের দিকে তাকাই, একই বিষয় দেখতে পাই। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ।’ এএফপি, ওয়েবসাইট।