ক্লিচকো 'নকআউট'!
নকআউট হতে নয়, করাতেই অভ্যস্ত তিনি। সেই ভ্লাদিমির ক্লিচকোকে তাঁর নয় বছরের রাজ্য থেকে ‘নকআউট’ করে দিয়ে হেভিওয়েট বক্সিংয়ে ফিরে এল ‘টাইসন’ নামটি। এই টাইসন অবশ্য মার্কিন নন, ব্রিটিশ। হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের মুকুটটা এখন টাইসন ফিউরির দখলে।
এর আগের ৬৭ লড়াইয়ে মাত্র তিনটিতে হেরেছিলেন। ৬৪ জয়ের ৫৩টিই ছিল নকআউটে প্রতিপক্ষকে ঘায়েল করে। সেই ক্লিচকোকে ১২ রাউন্ডের লড়াইয়ে হারালেন ২৭ বছর বয়সী ফিউরি। নয় বছর সাত মাস সাত দিনের মাথায় রাজত্ব হারালেন ক্লিচকো। এত দিন ধরে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে পারেননি মোহাম্মদ আলীও। এমনকি ল্যারি হোমসও ক্লিচকোর পেছনে। ১১ বছর ৮ মাস বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রেখে যে বিশ্ব রেকর্ডটা নিজের করে রেখেছেন জো লুই।
৩৯ বছর বয়সী ক্লিচকোকে তরুণ ফিউরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন আগেই। ফিউরি নিজেও এর আগে ২৪ লড়াইয়ের একটিতেও না-হেরে ক্লিচকোর জন্য নিজেকে প্রস্তুত করে রাখেন। অবশেষে পরশু জার্মানির ডুসেলডর্ফে বক্সিংয়ের শ্রেষ্ঠত্বে আবারও ব্রিটিশ পতাকা ওড়ালেন ম্যানচেস্টারের এই তরুণ। পূরণ হলো বাবার স্বপ্ন, যে বাবা বড় শখ করে তাঁর সন্তানের নাম রেখেছিলেন মাইক টাইসনের নামে! এএফপি।