ক্লিন্সমানকে সরিয়ে ফ্যালকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন বিশ্ব ফুটবলেই সবচেয়ে বড় দুজন চিত্তবিনোদনকারী পর্তুগিজ। মাঠে অসাধারণ ফুটবল খেলে বিনোদন দিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর মাঠের বাইরে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে ফুটবল-বিশ্বকে বিনোদিত করছেন হোসে মরিনহো। দুজনের একজনও ইউরোপীয় প্রতিযোগিতায় নেই। তবে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ফাইনালটা হয়ে গেছে তাদের দেশেরই। ইউরোপা লিগে দুই পর্তুগিজ দলের ফাইনালে মুখোমুখি স্পোর্টিং ব্রাহা ও মরিনহোর সাবেক ক্লাব পোর্তো।পরশু সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্রাহা ১-০ গোলে হারিয়েছে পর্তুগালেরই আরেক ক্লাব বেনফিকাকে। দুই লেগ মিলিয়ে ফলটা ২-২। অ্যাওয়ে গোলের হিসাবে ফাইনাল নিশ্চিত হয়েছে ব্রাহার। পোর্তো অবশ্য ভিয়ারিয়ালের কাছে ৩-২ গোলে হেরেও ১৮ মের ডাবলিন ফাইনালে উঠেছে। কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের ৪ গোলে প্রথম লেগটা তারা জিতেছিল ৫-১ গোলে। পরশুও একটি গোল করেছেন ফ্যালকাও। আর এই গোলের মাধ্যমে নিজের নামটি তিনি খোদাই করে নিয়েছেন ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে। ১৬ গোল করে এক মৌসুমে ইউরোপা লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন ফ্যালকাও। ১৫ বছর ধরে যা ছিল জার্মানির সাবেক স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সমানের। এএফপি, রয়টার্স।