ক্লিন্সম্যানের কাছে হারল জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা ছিল অসম। ফিফা র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা জার্মানির সঙ্গে উনত্রিশে থাকা যুক্তরাষ্ট্রের। তবে এ লড়াইয়ে হেরে গেছে ‘ফেভারিট’ জার্মানি।আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত রাতে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। একটু কায়দা করে বললে, জার্মানরা হেরে গেছে তাদেরই সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের কাছে। ক্লিন্সম্যানের প্রশিক্ষণে অপ্রতিরোধ্য যুক্তরাষ্ট্রের জয়ের রাস্তা পরিষ্কার করেছেন ক্লিন্ট ডেম্পসি। তাঁর জোড়া গোলই কাল ওয়াশিংটনে অনুষ্ঠিত ম্যাচে গড়ে দিয়েছে পার্থক্য। ডেম্পসির প্রথম গোলটি আসে ৬০ মিনিটে। অন্যটি এর ঠিক চার মিনিট পর। হারের জন্য ভাগ্যকেও দোষারোপ করতে পারে জার্মানরা। ১৬ মিনিটের মাথায় গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান ‘আত্মঘাতী’ গোল করে না বসলে ম্যাচটা তো ৩-৩-এ ড্রও হতে পারত!ম্যাচের মাত্র ১৩ মিনিটে জোজি আলটিডোরের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর তিন মিনিট পর জার্মান গোলরক্ষকের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ২-০। ৫২ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন হেইকো ওয়েস্টারম্যান। জার্মানরা যখন সমতায় ফেরার অপেক্ষায়, তখন জোড়া আঘাত হেনে ম্যাচের চিত্র পাল্টে দেন ডেম্পসি। ৬৪ মিনিটের মধ্যে ৪-১ গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। মনে হচ্ছিল, বড় ব্যবধানেই জয় পেতে চলেছে স্বাগতিকেরা। সেটা হয়নি ৭৯ মিনিটে ম্যাক্স ক্রুস একটি এবং এর দুই মিনিট পর জুলিয়ান ড্র্যান্সলার আরও একটি গোল শোধ করায়।বার্তা সংস্থা রয়টার্স জানায়, জার্মানির বিপক্ষে এই জয়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘অন্যতম সেরা’ জয় বলে আখ্যায়িত করেছেন কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান। আর এ জয়ের পেছনে যে ডেম্পসির কৃতিত্বই বেশি, সেটাও উল্লেখ করতে ভোলেননি তিনি। ম্যাচ শেষে সাবেক জার্মান তারকা ক্লিন্সম্যান বলেন, ‘ক্লিন্ট ডেম্পসির মতো খেলোয়াড় দলে থাকা মানেই এক ধাপ এগিয়ে যাওয়া। সে সব সময় গোলের জন্য ক্ষুধার্ত। ডেম্পসি নিজ দলের তো বটেই, প্রতিপক্ষ খেলোয়াড়দেরও একটা বার্তা পৌঁছে দিয়েছে। এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সেরা জয়।’জার্মান কোচ জোয়াকিম লো নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। যুক্তরাষ্ট্র যে ভালো খেলেই জিতেছে, ম্যাচ শেষে সেটাও উল্লেখ করেছেন তিনি। লো বলেন, ‘যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সে আমি এতটুকু অবাক হইনি। ওরা প্রবল উত্সাহ ও ধৈর্য নিয়ে খেলেছে।’