একটা মাত্র জয়ে কত কিছুই না পেয়ে গেলেন রাফায়েল নাদাল! পরশু মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে আলবার্ট রামোস-ভিনোলাসকে ৬-১, ৬-৩ গেমে হারিয়েই নাদাল মুঠোয় পুরলেন দু-দুটি রেকর্ড। স্প্যানিশ টেনিস তারকা দশমবারের মতো জিতলেন মন্টে কার্লো মাস্টার্স। উন্মুক্ত যুগে কোনো একটি নির্দিষ্ট টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এটাই। ফ্রেঞ্চ ওপেন ও বার্সেলোনা ওপেনে নয়বার চ্যাম্পিয়ন হয়ে দুইয়েও নাদাল। ক্লে কোর্টে লাল দুর্গের রাজার এটা ৫০তম শিরোপা। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবেই মাইলফলকটা ছুঁয়েছেন নাদাল। ৪৯ শিরোপা নিয়ে দুইয়ে গিয়ের্মো ভিলাস। এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট ২৯তম বারের মতো জিতলেন নাদাল। তাঁর চেয়ে বেশি শিরোপা আছে শুধু নোভাক জোকোভিচের (৩০)।
ক্লে কোর্টে বেশি শিরোপা
৫০ রাফায়েল নাদাল স্পেন
৪৯ গিয়ের্মো ভিলাস আর্জেন্টিনা
৪০ টমাস মুস্টার অস্ট্রিয়া
৩০ বিয়র্ন বোর্গ সুইডেন
৩০ ম্যানুয়েল ওরান্তেস স্পেন