ক্লোসা চান শিরোপা
সেই ক্লোসাই কি এই ক্লোসা? নিজেদের মুখ রক্ষায় সেদিনের সমালোচকেরা বিভ্রান্ত হতে পারেন। কিন্তু কোচ জোয়াকিম লোর কাছে এর উত্তর হতে পারে একটাই, তোমরা না বুঝে যা তা বলতে পার, কিন্তু আমি জানতাম, ঠিক সময়ে ও ঠিকই জ্বলে উঠবে।তিনি যে জানতেন, সমালোচনার পরও ক্লোসায় আস্থা রেখেই দিয়েছেন তার প্রমাণ। আর ক্লোসা? শুধু কোচের আস্থার প্রতিদান নয়, জার্মানদের শিরোপা-স্বপ্নেরই প্রধান কান্ডারি রূপে হাজির। ইনজুরি আর অফ-ফর্ম—দুইয়ে মিলিয়ে সেদিন যে ক্লোসাকে কেউ কেউ ফেলে দিয়েছিল বাতিলের খাতায়, সেই ক্লোসাই এখন ইতিহাস পথের যাত্রী।আগের দুই বিশ্বকাপে ছিল পাঁচ, পাঁচ—১০ গোল। পরশু আর্জেন্টিনার বিপক্ষে দুটি নিয়ে এবার ৪ গোল। বিশ্বকাপে জার্মানির পক্ষে সর্বোচ্চ ১৪ গোল করেছিলেন জার্ড মুলার। পরশুর দুই গোল ক্লোসাকেও বসিয়ে দিল কিংবদিন্ত জার্ড মুলারের পাশে। আর একটি গোল হলেই বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ডে ভাগ বসাবেন তিনি।পরশু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ছিল ক্লোসার জন্য শততম ম্যাচের মাইলফলক স্পর্শের। এতে দুই গোল করে শুধু জার্মানিকে সেমিফাইনালেই নিয়ে গেলেন না, নিজেও দেখতে পাচ্ছেন অনেক অর্জনের হাতছানি। মুলারকে ছাপিয়ে রোনালদোকে স্পর্শের হাতছানি যেমন আছে, তেমনি সম্ভাবনা আছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার। তবে ক্লোসার চোখ শিরোপার দিকে।‘ব্যাপারটি যদি আমার হাতে থাকত, সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকার চেয়ে বিশ্বকাপটাই জিততে চাইতাম আমি’—বলেছেন মৃদুভাষী ক্লোসা। কিংবদন্তি জার্ড মুলারের রেকর্ড স্পর্শের অনুভূতিটাও বেশ। তবে এখানেও তাঁর শিরোপা জয়ের বাসনাই বড়, ‘অবশ্যই জার্ড মুলারকে ছুঁয়ে ফেলাটা প্রশংসার। কিন্তু আমি বিশ্বকাপ জিততে চাই।’ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এই দুই গোলে তাঁর গোল ৫২টি।মুলার ১৪ গোল করেছিলেন দুটি বিশ্বকাপে। সেখানে ক্লোসা করলেন তিন বিশ্বকাপে। তাই জার্ড মুলারের সঙ্গে তুলনায় আপত্তি ক্লোসার, ‘এটা আমার তৃতীয় বিশ্বকাপ। কাজেই এই তুলনাটা ন্যায্য নয়।’ এ সব তুলনার চেয়ে ক্লোসা বরং আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কথা বলতেই বেশি আগ্রহী, ‘আজ (পরশু) সবকিছুই হচ্ছিল ঠিকঠাকমতো। আমি মনে করি, আমাদের টাইমিং ছিল নিখুঁত। ঠিক সময়ে ঠিক কাজটিই করেছি আমরা।’ সেমিফাইনালে পৌঁছে গেছে জার্মানি। তার মানে আরও দুটি ম্যাচ পাচ্ছে তারা। সামনের এই দুটি ম্যাচেও নিজেদের এই খেলাটাই ধরে রাখতে চান ‘সাল্টো’ ক্লোসা। কোচ জোয়াকিম লোর চাওয়াও সেটিই, ‘আমি অবশ্যই ক্লোসার জন্য রোমাঞ্চিত। শততম ম্যাচে দুই গোল! দুর্দান্ত ব্যাপার!’ রয়টার্স, এএফপি।