ক্লোসা পেরেছেন, পারবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরোস্লাভ ক্লোসা
মিরোস্লাভ ক্লোসা

তিনি হয়তো পেলে-ম্যারাডোনা নন। নন মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোও। তবু ইতিহাসের পাতায় তিনি ভাস্বর। বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনন্য রেকর্ডটি যে এখন তাঁর দখলে! তবে চিত্রনাট্য কিন্তু অন্যরকম হতে পারত। ক্লোসা বিশ্বকাপের জার্মানি দলে সুযোগ পাবেন কি না, এ নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত জোয়াকিম লো’র দলে সুযোগ পেলেন। ফুটবলবিশ্ব সাক্ষী হলো দারুণ এক কীর্তির।
ক্লোসা হয়তো রোনালদোর রেকর্ড ভেঙেছেন, তবু দুজনের খেলার ধরনে বিস্তর তফাত। রোনালদো দূর থেকে গোলার মতো শটে গোল করতেন। মোহনীয় ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণকে চূর্ণবিচূর্ণ করে গোল পেতেন। অপরদিকে ক্লোসা সুযোগসন্ধানী, ডিবক্সের মাঝে সুযোগ পেলে সদ্ব্যবহার করতে ভুল করেন না একটুও। ক্লোসা নিজেও রোনালদোর সঙ্গে কোনো তুলনায় যেতে নারাজ, ‘ইতালিতে আমি যার সঙ্গেই কথা বলেছি, সে-ই বলেছে ইতালিতে খেলা সেরা খেলোয়াড় ও। আমার কাছে রোনালদোই সর্বকালের সেরা পরিপূর্ণ খেলোয়াড়।’
ব্রাজিলের বিপক্ষে ব্রাজিলের মাটিতে রোনালদোর উপস্থিতিতেই তাঁর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিলেন! আক্ষরিক অর্থেই রোনালদোকে ছাড়িয়ে গেছেন মিরোস্লাভ ক্লোসা। স্বচক্ষে নিজের রেকর্ড ভাঙা দেখতে রোনালদোর নিশ্চয়ই ভালো লাগেনি! ক্লোসাও তাই বলছেন, ‘আমি যখন তার রেকর্ড ভাঙি, সে স্টেডিয়ামে উপস্থিত ছিল। অবশ্যই এটা তার জন্য পীড়াদায়ক।’ খানিকটা মজা করতেও ছাড়লেন না, ‘আগে রোনালদো ম্যাসেজ দিয়েছিল—“ক্লোসা, ১৫-এর ক্লাবে স্বাগতম”। চাইলে আমি এই ম্যাসেজ দিতে পারি, মিরোস্লাভ ক্লোসা এখন ১৬-এর ক্লাবে এবং সবাইকে স্বাগতম!’
ব্রাজিলকে ছিন্নভিন্ন করে দেওয়া ওই জয়ের পরও পা মাটিতেই রাখছেন তিনি, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আমরা উপভোগ করেছি, কিন্তু ২৪ ঘণ্টা বাদেই আবার তা ছুড়ে ফেলেছি। কারণ, পরের ম্যাচে আমাদের আবারও নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলতে হবে।’ ২০০২ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল জার্মানি। ফাইনালে হারের যন্ত্রণা নিশ্চয়ই ভুলতে পারেননি ক্লোসা। এবার আর ওই তিক্ত স্বাদ পেতে চাইছেন না, ‘ফাইনালে হারটা সত্যিই ভয়াবহ। এবার আবারও সুযোগ এসেছে জেতার।’
ক্লোসা জার্মানির জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে একটি পরিসংখ্যানই যথেষ্ট। জার্মানির জার্সি গায়ে আজ অবধি যতগুলো ম্যাচে গোল করেছেন, তার একটিতেও হারেনি জার্মানি! এবারের বিশ্বকাপ ফাইনালেও নিশ্চয়ই তাঁর কাছে তেমন কিছুই চাইবে জার্মানরা। আর ক্লোসাও সমর্থকদের আশ্বস্ত করেছেন, রেকর্ডভাঙা আনন্দেই বুঁদ হয়ে থাকবেন না, ‘এটা আমার জন্য খুবই আবেগমিশ্রিত মুহূর্ত। কিন্তু যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমার ১০০ ভাগ মনোযোগই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দিকে।’ বার্তাটা দিয়েই রাখলেন ক্লোসা! এএফপি, গোলডটকম।