ক্লোসা সত্যিই অন্য রকম

ফুটবল মাঠে মিরোস্লাভ ক্লোসার সততা সর্বজনবিদিত। বল নিজের হাতে লেগে গোলে প্রবেশ করলেও রেফারিকে বলে তিনি সেই গোল বাতিল করিয়েছিলেন। ফুটবলের সাম্প্রতিক অতীতে এমন সততার উদাহরণ বিরল বলেই ব্যাপারটা ছুঁয়ে গিয়েছিল সবাইকে।
ইতালীয় সিরি আ’র নাপোলি-লািসওর সেই ম্যাচে দর্শকেরাও তাঁর প্রতি দিয়েছিলেন বিরল সম্মান। পুরো বিষয়টি তাঁর স্বভাবজাত বলেই এতে কিছুটা বিরক্তই হয়েছিলেন ক্লোসা। বলেছিলেন, ‘আমাদের সবাইকে এসব ব্যাপারে সৎ হতে হবে। আমিও হয়েছি। হাতে লেগে বল গোলে ঢুকেছে, ওটা গোল হিসেবে দাবি করার প্রশ্নই ওঠে না। এ নিয়ে এত হইচই করারই-বা কী আছে বুঝতে পারছি না।’
ক্লোসার সততার উদাহরণ ওটাই শেষ নয়। বুন্দেসলিগায় ভেরডার ব্রেমেনের হয়ে খেলার সময় রেফারিকে বলেছিলেন, ‘আপনি খেলায় আমাদের পক্ষে যে পেনাল্টিটি দিলেন ওটা পেনাল্টি হয়নি।’ বুঝুন অবস্থা।
সেই ক্লোসাই গত পরশু জার্মানির হয়ে সবচেয়ে আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়লেন। আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে দারুণ হেডে জাত স্ট্রাইকারের মতো গোল করে তিনি ছাড়িয়ে গেলেন জার্ড মুলারকে। ৬৯টি গোল করে তিনি এখন জার্মান ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা। এত বড় কীর্তি গড়েও কী অসম্ভব বিনয়ী ক্লোসা, ‘রেকর্ডের কথা ভেবে ভালোই লাগছে। তবে দয়া করে জার্ড মুলারের পাশে আমায় বসাবেন না, বড় হাস্যকর লাগবে।’
জার্মান ফুটবলের অন্যতম সেরা এই তারকার সামনে এখন আরও একটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে। বিশ্বকাপে আর একটি গোল করলেই তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি ব্র্যাকেটবন্দী হবেন রোনালদোর সঙ্গে। আর দুটো গোল তো তাঁকে নিয়ে যাবে চূড়ার শীর্ষেই। ৩৬ বছর বয়সী ক্লোসা কি পারবেন নিজেকে ইতিহাসের সেই উচ্চতায় তুলে ধরতে?
না পারলেও ক্ষতি নেই। সৎ মানুষ হিসেবেই তিনি ইতিমধ্যেই চলে গেছেন তেমনই এক জায়গায়।