ক্লোসার গৌরব, ব্রাজিলের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ সেমিফাইনালের অবিস্মরণীয় এই স্কোরলাইনটি দীর্ঘদিনই তাড়া করে বেড়াবে ব্রাজিলের সমর্থকদের। ছবি: রয়টার্স।
বিশ্বকাপ সেমিফাইনালের অবিস্মরণীয় এই স্কোরলাইনটি দীর্ঘদিনই তাড়া করে বেড়াবে ব্রাজিলের সমর্থকদের। ছবি: রয়টার্স।

ব্রাজিলের সমর্থকেরা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের দুঃসহ স্মৃতি। কিন্তু হাজার চাইলেও সেটা কোনোভাবেই সম্ভব না। ফুটবল ইতিহাসে স্থায়ী আসনই গড়ে নিয়েছে ব্রাজিল-জার্মানির সেমিফাইনালটি। বেশ কয়েকটি রেকর্ড নতুন করে গড়েছে ব্রাজিল। যেগুলো নিশ্চিতভাবে শুধু লজ্জাই দেবে সেলেসাওদের। অন্যদিকে ব্রাজিলের লজ্জাজনক রেকর্ডগুলোর কথা উঠলেই উচ্চারিত হবে জার্মানির নাম। সমীহ আর শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করা হবে মুলার-ক্লোসা-ফিলিপ লাম-টনি ক্রুসদের কথা।

ম্যাচটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার জন্য। প্রথমার্ধে জার্মানির পক্ষে দ্বিতীয় গোলটি করেই নতুন একটি পাতা যোগ করেছেন বিশ্বকাপের ইতিহাসে। ১৬ গোল নিয়ে ক্লোসাই এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

চারটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার অনন্য কৃতিত্বও অর্জন করেছেন ক্লোসা। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬টি ম্যাচ জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার। আগে রেকর্ডটি এককভাবেই ছিল ব্রাজিলের ডিফেন্ডার কাফুর দখলে।

ব্রাজিলের লজ্জাজনক রেকর্ডের তালিকাটি বেশ ভালোই লম্বা। ১৯২০ সালের কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল। তারপর জার্মানির বিপক্ষে এই সেমিফাইনালটিই ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানের হার।

দেশের মাটিতে এত বড় ব্যবধানে আগে কখনোই হারেনি ব্রাজিল। ১৯৩৯ সালে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে সেলেসাওরা হেরেছিল ৫-১ ব্যবধানে।
১৯৯৮ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-০ গোলে হেরে শেষ হয়েছিল ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন। আজকের আগপর্যন্ত সেটাই ছিল বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানের হার।
বিশ্বকাপের এক ম্যাচে সাতটি গোল হজম করার লজ্জাজনক রেকর্ডটিও ব্রাজিল গড়েছে জার্মানির বিপক্ষে এই সেমিফাইনালে। ১৯৩৮ সালে তারা পোল্যান্ডের বিপক্ষে হজম করেছিল পাঁচটি গোল। সেই ম্যাচটি অবশ্য ব্রাজিল জিতেছিল ৬-৫ গোলে।
বিশ্বকাপে স্বাগতিক দেশের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ডটিও নতুন করে গড়েছে ব্রাজিল। এর আগে ১৯৫৮ সালের ফাইনালে ব্রাজিলই স্বাগতিক সুইডেনকে হারিয়েছিল ৫-২ গোলে। ১৯৭০ সালের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল ইতালি।
বিশ্বকাপের সেমিফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে জার্মানি। এর আগে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের দুইটি সেমিফাইনালেই আর্জেন্টিনা ও উরুগুয়ে পেয়েছিল ৬-১ গোলের জয়। ১৯৫৪ সালে পশ্চিম জার্মানিও অস্ট্রিয়াকে হারিয়েছিল এই একই ব্যবধানে।
বিশ্বকাপের ইতিহাসে জাইরে ও হাইতির মতো চুনোপুঁটির পাশে এখন লেখা হবে ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বকাপজয়ী দলের নাম। প্রথমার্ধেই পাঁচটি বা তার বেশি গোল হজম করার অভিজ্ঞতা এখন পর্যন্ত এই তিনটি দেশেরই হয়েছে।
১৯৩৮ সালের পর বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো ১১টি গোল হজম করতে হলো ব্রাজিলকে।— রয়টার্স ও এএফপি