আমি ইউরোপের ফুটবল ক্লাবগুলোর দু-চারটের নামই শুধু জানি। ঐ সব ক্লাবের খেলা আমি কখনও দেখিনি। সামপ্রতিককালে টি২০ ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে পুঁজি করে ভারতে আইপিএল ক্রিকেট যে ইউরোপের ফুটবল ক্লাবগুলোর আদলেই গড়ে উঠেছে, সেটা বুঝতে পেরেছি। টাকার লোভে আইপিএল-এর আসরে শচীন টেন্ডুলকারসহ ক্রিকেটবিশ্বের সেরা তারকারা যেমন ভিড় করে, ফুটবলের বেলাতেও একইরকম ঘটনা ঘটে। এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে কলাম লিখতে গিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের এই বিষয়টিকে আমি খুব গুরুত্ব দেইনি বলেই প্রথম সেমিতে উরুগুয়ের বিরুদ্ধে হল্যান্ডকে এগিয়ে রাখলেও দ্বিতীয় সেমি ফাইনালে জার্মানির বিরুদ্ধে স্পেনকে আমি এগিয়ে রাখার প্রয়োজন বোধ করিনি। ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর খেলা যারা নিয়মিত অনুসরণ করেন, বিভিন্ন টিভি-চ্যানেলের সেইসব ফুটবল-ভাষ্যকারের আলোচনা শুনে এখন আমার মনে হচ্ছে, বিশ্বকাপ ফুটবলের নামে দক্ষিণ আফ্রিকায় বিশ্ববাসী এবার বোধহয় কিছুটা ইউরোপীয় ক্লাব-ফুটবলেরই পুনরাবৃত্তি দেখলো। তার মানে হচ্ছে- ঠিক বিশ্বকাপ নয়, দক্ষিণ আফ্রিকায় যা হলো, তাকে আমরা ইউরোপীয় ক্লাব ফুটবলের আসর বলেও ভাবতে পারি। তাদের কথাবার্তা শুনে এখন আমার মনে এমন সন্দেহই হচ্ছে যে, দ্বিতীয় সেমিতে জার্মানির বিরুদ্ধে স্পেন নয়, জয়ী হয়েছে স্পেনের বার্সেলোনা ক্লাব। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে জার্মানির বিরুদ্ধে স্পেন যে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ধারাবাহিকতায় সমান ব্যবধানেই বিজয়ী হয়েছে, এই তথ্যটিও আমার জানা ছিলো না। কিছু বাস্তবজ্ঞানের অভাবে স্পেনের বিরুদ্ধে জার্মানিকে এগিয়ে রেখে যে ভুল করেছি, তার জন্য আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি এবং আমার ফুটবল-বিবেচনার ওপর আস্থা স্থাপন করে যারা প্রতারিত হয়েছেন, তাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। স্বীকার করছি, বিশ্বকাপ ফুটবল যে ইউরোপীয় ক্লাব ফুটবলেরই একটি সমপ্রসারিত সংস্করণে পরিণত হয়েছে, তা আমি যথাসময়ে বুঝতে পারিনি। আমি কথা দিচ্ছি, যেহেতু ইউরোপীয় কাপ ফুটবল আমি দেখি না, তাই বিশ্বকাপ ফুটবল নিয়ে পূর্বভাষ্য করে আমি ভবিষ্যতে আর কখনও আপনাদের বিভ্রান্ত করবো না।ইংরেজ, ফরাসি ও পর্তুগীজ জলদস্যুদের সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ বিস্তারকারী কলম্বাস-ফ্রাঙ্কো এবং পিকাসো-লোরকার দেশ, দি কিংডম অব স্পেন কখনও বিশ্বকাপ ফুটবলের এভারেস্ট-চূড়ায় উঠেনি। পক্ষান্তরে দুই দুইবার এভারেস্টের চূড়ায় উঠেও সেখানে দি কিংডম অব নেদারল্যান্ডস-এর (হল্যান্ড) পতাকা পুঁততে না পারার দুঃখ বুকে নিয়ে এবার ডাচরা স্পেনের মুখোমুখি হতে চলেছে। তিনবারের মাথায় হল্যান্ড কি পারবে? নাকি প্রথমবারেই বিড়াল মারবে স্পেন? ফুটবলের ঈশ্বরই তা জানেন। স্পেনের জার্সির রঙ হচ্ছে স্প্যানিশ ম্যাটাডোরদের ব্যবহার করা উত্তেজক লাল। তুলনায় হল্যান্ডের জার্সির রঙ শান্ত গোছের উজ্জ্বল কমলা। লাল-কমলার এই বুল-ফাইট সম্পর্কে জার্মানির অক্টোপাস মহোদয় (মহোদয়াও হতে পারেন) কী পূর্বভাষ্য করেছেন, জানি না। এ নিয়ে আমিও কোনো পূর্বভাষ্য করতে চাই না। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল ও সেমিতে দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়েকে হারিয়ে ফাইনালে উঠেছে হল্যান্ড। পক্ষান্তরে স্পেন ফাইনালে উঠেছে তুলনামূলকভাবে দুর্বল প্যারাগুয়ে ও তিনবারের বিশ্বকাপ জয়ী জার্মানিকে ন্যূনতম ব্যবধানে হারিয়ে। দুই লাতিন পরাশক্তিকে হারানোর পর হল্যান্ড যদি কোনো তৃতীয় লাতিন দেশের মোকাবিলা করতো—, তাহলে আমরা তাকে এগিয়ে রাখতে পারতাম। রাখা যাচ্ছে না এজন্য যে, হল্যান্ডকে এবার খেলতে হবে দুর্বার জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আসর ছেড়ে ক্লাব-ফুটবলের ফরম্যাটে ফিরে আসা স্পেনের বিরুদ্ধে। তাই ম্যাচটিকে বিশ্বকাপের ফাইনাল না ভেবে, ডাচদের উচিত হবে টুর্নামেন্টের শেষ-খেলাটির জন্য ইউরোপীয়ান চ্যাম্পিয়ানশিপের আদলে ভিন্নতর রণকৌশল গ্রহণ করা। বিশ্বকাপের চিন্তাটাকে ডাচদের মাথা থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে। জাস্ট ইরেজ আউট। ওটা এখন আর বিশ্বকাপ নেই। ওটা এখন ইউরোপীয়ান ক্লাব ফুটবল। নদী তীরে সূর্যাস্তের দৃশ্য সম্পর্কে প্রশ্ন আসলেও স্প্যানিশরা যে ওদের মুখস্ত করা গরুর রচনাটিই লিখবে—, সে ব্যাপারে আর সন্দেহ কী? তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ থেকে ফুটবলের ঈশ্বরের কাছে আমার শুধু একটাই চাওয়ার আছে। সেটি হচ্ছে, জার্মানির স্ট্রাইকার মিরোশ্লাভ ক্লোসার জন্য দুটো গোল। আর্জেন্টিনার মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে তুমি তাকে যেমন দিয়েছো। ক্লোসাকে দুটো গোল পাইয়ে দাও প্রভু! এর পর তুমি যদি জার্মানির বিরুদ্ধে উরুগুয়েকে তিন-চার গোলে হারিয়েও দাও, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমি শুধু চাই, বিশ্বকাপে রোনালদোর দেয়া ১৫ গোলের বিশ্বরেকর্ডটি এবারের বিশ্বকাপে ভাঙুক। তীরে এনে তরী ডুবিয়ো না, প্রভু। কামরাঙ্গীর চর / ৯ জুলাই ২০১০