ক্লোসার সর্বোচ্চ গোলদাতা হওয়া অনিশ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্রেফ ইনজুরিই শেষ করে দিতে পারে মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্বপ্ন। কাল উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পিঠের ইনজুরির কারণে ক্লোসার খেলা বেশ অনিশ্চিতই হয়ে পড়েছে। ইতিমধ্যেই পাঁচ ম্যাচে চার গোল করে ক্লোসা ভাগ বসিয়েছেন স্বদেশি জার্ড মুলারের ১৪ গোলের রেকর্ডে। আর একটিমাত্র গোল করতে পারলেই ব্রাজিলের রোনালদোর সঙ্গে ব্র্যাকেট-বন্দী হতে পারতেন ক্লোসা। রোনালদো ১৫ গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে গত বিশ্বকাপেই বসে গেছেন।সেমিফাইনালে স্পেনের বিপক্ষে পিঠে আঘাত পেয়েছেন ক্লোসা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্লোসার খেলায় সংশয় তৈরি হয় তখনই। তবে জার্মানির সহকারী কোচ হানসি ফ্লিক অবশ্য আশা করছেন, ক্লোসা শনিবারের আগেই সুস্থ হয়ে উঠবেন।৩২ বছর বয়স্ক মিরোস্লাভ ক্লোসা আরেকটি বিশ্বকাপ খেলতে পারবেন কি না সেটা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই। রেকর্ড গৌরবের এত কাছাকাছি এসে রেকর্ড ছুঁতে না পারলে সারা জীবনই হয়তো হা-হুতাশ করে কাটাতে হবে পোল্যান্ডে জন্ম নেওয়া এই জার্মান স্ট্রাইকারকে। তবে ক্লোসা অবশ্য বলেছিলেন, রেকর্ড নিয়ে তিনি একেবারেই ভাবেন না। তাঁর লক্ষ্য জার্মানির হয়ে বিশ্বকাপ জয়। তবে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নের সমাধি হয়ে যাওয়ার পর বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা হয়তো কিছুটা সান্ত্বনা দিতে পারত ক্লোসাকে।