ক্লোসার সামনে রেকর্ডের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু সম্মানের একটা রেকর্ডের হাতছানি সামনে রেখে এবারের ইউরো ২০১২ শুরু করতে যাচ্ছেন মিরোস্লাভ ক্লোসা। আর মাত্র পাঁচটি গোল করতে পারলেই কিংবদন্তি জার্মান ফুটবলার জার্ড মুলারের পাশে বসার মর্যাদা পাবেন তিনি। হয়ে যাবেন জার্মানির জার্সি গায়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি ৩৪ বছর বয়সী এই জার্মান স্ট্রাইকার যে ক্যারিয়ারের প্রথম বড় কোনো শিরোপা জেতার দিকেও দৃষ্টি রাখবেন, তাও সহজেই অনুমান করা যায়। আর ইউরোপের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার শিরোপাটা জেতার মতো সামর্থ্য যে জার্মানির আছে, সেটাও মনেপ্রাণেও বিশ্বাস করেন ক্লোসা।২০০১ সালে জার্মানির পক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৪ ম্যাচে ৬৩টি গোল করেছেন পোল্যান্ডের বংশোদ্ভুত মিরোস্লাভ ক্লোসা। টানা দুটি বিশ্বকাপে (২০০২ ও ২০০৬) পাঁচ গোলের বেশি করা একমাত্র ফুটবলার তিনি। এখন জার্মানির হয়ে সর্বোচ্চ ৬৮ গোল করা জার্ড মুলারের থেকে তিনি পিছিয়ে আছেন মাত্র পাঁচ গোলের ব্যবধানে। তবে ইউরোর এবারের আসরে ব্যক্তিগত এই রেকর্ডটি গড়ার থেকে দলীয় সাফল্যের দিকেই দৃষ্টি দিতে চান ক্লোসা। কারণ এখন পর্যন্ত জার্মানির হয়ে বড় কোনো শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি এই জার্মান স্ট্রাইকারের।২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন ক্লোসা। সেবার চলে গিয়েছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত শিরোপাটা হাতে তুলতে পারেননি। এরপর ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তাঁর দল জার্মানি গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। মাঝে ২০০৮ সালে ইউরোর ফাইনালে গেলেও শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি জার্মানির সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকারের। এবার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে নিশ্চিতভাবেই যেকোনো মূল্যে শিরোপাটাই জিততে চাইবেন ক্লোসা। আর জার্মানির সেই সামর্থ্যটাও বেশ ভালোমতোই আছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, ‘কোনোই সন্দেহ নেই যে জার্মানির এই দলের সর্বোচ্চ সাফল্যটা পাওয়ার পুরো সামর্থ্য আছে।’ তবে জার্মানির শিরোপাখরা ঘুচানোর জন্য গোলমেশিন ক্লোসাকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে তাতেও কোনো সন্দেহ নেই।