ক্ল্যাসিক ফাইনালের জন্য অপেক্ষা
দর্শকদের দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায়, এবারের বিশ্বকাপের দুটি সেমিফাইনাল সম্পূর্ণ ভিন্ন ধারার দুটি খেলা উপহার দিয়েছে। হল্যান্ড বনাম উরুগুয়ের প্রথম সেমিফাইনালটি ছিল চমত্কার সব গোল আর নাটকীয়তায় পরিপূর্ণ। ফুটবল পছন্দ করেন না—এমন ব্যক্তিকেও এই খেলাটা আকর্ষণ করেছে। ডাচ অধিনায়ক জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট দূরপাল্লার শট থেকে যে গোলটি করেছিলেন, সেটাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলের তালিকায় নিঃসন্দেহেই ফেলে দেওয়া যেতে পারে। পাশাপাশি প্রথমার্ধের শেষের দিকে উরুগুয়ের ডিয়েগো ফোরলানের পা থেকেও অসাধারণ একটি সমতাসূচক গোল উপহার হিসেবে পেয়েছেন দর্শকেরা। খেলার একদম শেষ মুহূর্তে উরুগুয়ের মুহুর্মুহু আক্রমণ হূদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল সবারই।অন্যদিকে জার্মানি-স্পেন সেমিফাইনালটা হলো একেবারেই ভিন্ন ধাঁচের। টান টান উত্তেজনার এই ম্যাচটা ফুটবলবোদ্ধারা মনে রাখবেন অনেক দিন। খেলাটা দেখে মনে হচ্ছিল যেন বিশাল এক দাবা বোর্ডে ধৈর্য আর কৌশলের পরীক্ষায় নেমেছেন স্পেন-জার্মানির খেলোয়াড়েরা। খেলাটাতে গোল হয়েছে মাত্র একটি। কিন্তু যেভাবে স্পেন-জার্মানির খেলোয়াড়েরা একে-অন্যের দুর্বলতা খুঁজে গোলের সুযোগ বের করার চেষ্টা করে যাচ্ছিলেন, সেটা ছিল একটা অসাধারণ দৃশ্য।জার্মানি-স্পেন ম্যাচের ফলাফলটা ছাড়া আর সবকিছুই আমার ভাবনা অনুযায়ী হয়েছে। আমি অবশ্য এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী হিসেবে জার্মানিকেই এগিয়ে রেখেছিলাম। স্পেন তাদের স্বভাবসুলভ ছোট ছোট পাসে নিখুঁত সুযোগটিই বের করার চেষ্টা করে গেছে পুরো খেলায়। জার্মানিও পাল্টা আক্রমণের সুযোগ খুঁজেছে। শেষ পর্যন্ত স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস পুয়োলের দুর্দান্ত এক হেড স্পেনকে বিজয়ীর আসনে বসিয়েছে। আমার দৃষ্টিতে পুয়োল যখন গোলটি করলেন, ঠিক সেই সময় জার্মানির রক্ষণভাগ ছিল অনেকটাই এলোমেলো। পুয়োল কেবল তাঁর বুদ্ধিমত্তা আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গোলটি বের করে ফেলেন। কে জানত, জার্মানির দীর্ঘদেহী ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে কোনো স্প্যানিশ খেলোয়াড় হাওয়ায় নিজের শরীর ভাসিয়ে মাথা ছুঁইয়ে গোল করে বসবেন?কৌশলেও জার্মান কোচ জোয়াকিম লোকে পরিষ্কার ব্যবধানেই হারিয়েছেন গম্ভীর চেহারার স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্ক। খেলার প্রথম থেকেই বলের দখল ধরে রাখার দক্ষতা আর রক্ষণভাগ নিয়ে কৌশলী ছক সাজিয়েছিলেন দেল বস্ক। কোচের নির্দেশনা খুব ভালো করেই পালন করেছেন স্প্যানিশ খোলোয়াড়েরা। আলাদাভাবে কোনো খেলোয়াড়ের কথা না বলে আমি বলব, গতকাল ডারবানে স্পেনের প্রত্যেক খেলোয়াড়ই নৈপুণ্য দিয়ে জার্মানির তুখোড় ফর্মে থাকা খেলোয়াড়দের পেছনে ফেলেছেন। ইনিয়েস্তাতো ছিল স্রেফ অপ্রতিরোধ্য। আমার চোখে জার্মানির বিপক্ষে ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ ইনিয়েস্তাই।আগের দুই ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করা জার্মানিকে কাল খুঁজেই পাওয়া যায়নি। থমাস মুলারকে বড্ড মিস করেছে জার্মানরা। আগের দুই ম্যাচে সফলতা পাওয়ায় জোয়াকিম লো ছিলেন পাল্টা আক্রমণের ওপর ছিলেন অতিমাত্রায় নির্ভরশীল। আমার চোখে, জোয়াকিম লোর এই কৌশলই কাল হয়েছে দলের জন্য। স্পেন জার্মানদের পাল্টা আক্রমণের সব রাস্তাই বন্ধ করে দিয়েছিল। অথচ স্বাভাবিক আক্রমণাত্মক খেলা খেলে স্পেন জার্মানিকে হারিয়েই প্রথমবারের মতো নিজেদের তুলেছে বিশ্বকাপের ফাইনালে।এখন আমি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি স্পেন-হল্যান্ড ফাইনালটি দেখার জন্য। ডাচ খেলোয়াড়েরা স্প্যানিশ মধ্যমাঠকে কীভাবে মোকাবিলা করবে, সেটা দেখার আমার খুব ইচ্ছা। এটা ঠিক যে, কৌশলগত দিক দিয়ে স্পেনের চেয়ে কিছুটা পিছিয়েই থাকছে হল্যান্ড। কিন্তু ভুলে গেলে চলবে না ডাচদের ফুটবলেও কিন্তু নিজস্ব একটি ধরন আছে। বিশ্ব ফুটবলের আসরে নতুন ধারার এক খেলার জন্ম দিয়েছিল ডাচরা।এখন স্পেন-হল্যান্ড ফাইনালটা দেখার তর সইছে না আমার। আর ১৯৭৪ সালের ইয়োহান ক্রুইফদের সেই ‘টোটাল ফুটবলের’ই উত্তরসূরি বর্তমান এই ডাচ দল। এবারের বিশ্বকাপের এই হল্যান্ড দলের সবচেয়ে বড় শক্তি দলগতভাবে খেলার দক্ষতা। স্পেনের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য।সব মিলিয়ে আমার মনে হচ্ছে, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ক্ল্যাসিক একটা ম্যাচ হবে এই ফাইনালটা। আর ফলাফল যাই হোক না কেন, ফুটবল দুনিয়ায় এবার নতুন একটি দেশ বিশ্বকাপ শিরোপাজয়ী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এটাই অনেক বড় একটা ঘটনা। সূত্র: ওয়েবসাইট***রডনি মার্শ ইংল্যান্ড জাতীয় দলের সাবেক খেলোয়াড়। বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন ইংল্যান্ড প্রিমিয়ার লিগে। বর্তমানে ব্রিটিশ রেডিও, টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন।যুক্তরাষ্ট্রের টাম্পা ট্রিবিউনে লেখা মার্শের কলামের অনুবাদ প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হল।