ক্ষণ গুনছে সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ শহরে আন্তর্জাতিক ম্যাচ, বিদেশি ক্রিকেট দলকে কাছ থেকে দেখা, টিকিট পেতে কালোবাজারিদের কাছে ধরনা—এই সবকিছুই সিলেটবাসীর কাছে নতুন অভিজ্ঞতা। কয়েক মাসের প্রাণান্তকর প্রস্তুতি শেষে সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে দুয়ারে দাঁড়িয়ে। আজ বেলা সাড়ে তিনটায় সিলেট ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী হবে রইবে এক ঐতিহাসিক মুহূর্তের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের অনাস্বাদিত স্বাদ পেতে যাচ্ছে সিলেটবাসী। স্টেডিয়াম-সংলগ্ন চা-বাগানের কচি পাতা, সারি সারি ফুলের বাগান, সদ্য স্থাপিত কৃত্রিম ঝরনার ফোয়ারা আর বিশালাকৃতির স্টিলের ক্রিকেট ব্যাট-বল, গ্যালারিভর্তি দর্শক—সবই সাক্ষী থাকবে ওই মাহেন্দ্রক্ষণের। কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও দর্শক-উচ্ছ্বাসের মোটেই কমতি থাকবে না। এর কিছুটা টের পাওয়া গেল গতকালই।
কালই যেন দর্শকেরা নিজেদের একটু ঝালাই করে নিলেন। সন্ধ্যার পর থেকে নানা বয়সী মানুষের ভিড় দেখা গেল স্টেডিয়াম এলাকায়। চা-বাগানের গাছে-পাতায় রং-বেরঙের সাঁটানো ঝাড়বাতির মায়াবী আলোয় আড্ডায় মুখর হয়ে ওঠেন দর্শনার্থীরা। কৃত্রিম ঝরনার ফোয়ারা আর সারি সারি ফুলের বাগানের পাশে দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুললেন।
সব মিলিয়ে যেমন প্রস্তুত হয়ে আছে সিলেট ক্রিকেট স্টেডিয়াম, তেমনি সিলেটের ক্রীড়ানুরাগীরাও মাঠে যেতে তৈরি। তাঁরা এখন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, হল্যান্ড ও আরব আমিরাত—এ চার দলের দ্বৈরথ দেখার অপেক্ষার প্রহর গুনছেন।
টেস্ট খেলুড়ে দেশ হলেও আজকের ম্যাচে ফেবারিট বলা যাচ্ছে না জিম্বাবুয়েকে। ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে কে যাবে সেটি অনেকটাই ঠিক করে দেবে আজকের প্রথম ম্যাচটা।
আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সিলেটের পরিচয়ের দিনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের। ১৮ বছর পর বৈশ্বিক কোনো আসরে আবারও পা রাখা মধ্যপ্রাচ্যের দেশটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে আজই প্রথম পরিচিত হচ্ছে। প্রতিপক্ষ হল্যান্ড ২০০৯ সালের পর আবার ফিরেছে ২০ ওভারের বিশ্বকাপে।