ক্ষণগণনা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার থেকে হিসাব করলে বিশ্বকাপের প্রথম ম্যাচের বাকি থাকবে ঠিক ১০০ দিন

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আকাশে একসঙ্গে জ্বলে উঠবে আতশবাজি। শুরু হয়ে যাবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা। আজ রাত ১২টা ১ মিনিট থেকেই চলতে শুরু করবে বিশ্বকাপ-ঘড়ি। কাল শুক্রবার থেকে হিসাব করলে বিশ্বকাপের প্রথম ম্যাচের বাকি থাকবে ঠিক ১০০ দিন।
২০১১ বিশ্বকাপের শততম দিনের ক্ষণগণনার মুহূর্তটিকে আলোকিত করেছিল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর উপস্থিতি। এবার সে রকম কেউ থাকছেন না। তবে আতশবাজির ঔজ্জ্বল্য বাড়িয়ে দিতে তিন ভেন্যুতেই উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ও মহিলা ক্রিকেট দলের প্রতিনিধিরা। থাকবেন আইসিসি ও বিসিবি কর্মকর্তারাও।
ঢাকার অনুষ্ঠানটি হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও সালমা খাতুনের সঙ্গে এই অনুষ্ঠানে থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি। চট্টগ্রামের অনুষ্ঠানের ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামের পাশে সার্কিট হাউস চত্বর। মেয়র মনজুর আলমের সঙ্গে সেখানে থাকবেন বিসিবি পরিচালক আ জ ম নাসির এবং ক্রিকেটার নাসির হোসেন, সোহাগ গাজী ও সাথিরা জাকির। সিলেটে সুরমা নদীর ওপর কিন ব্রিজ থেকে উঠবে আতশবাজির ফোয়ারা। ক্রিকেটার এনামুল হক ও জাহানারা আহমেদের সঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী থাকবেন অতিথিদের তালিকায়।
রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের শততম দিনের ক্ষণগণনা শুরু হলেও অনুষ্ঠান শুরু হয়ে যাবে তার দুই ঘণ্টা আগেই। তখন চলবে ব্যান্ডসংগীত। ঢাকার অনুষ্ঠানে গান গাইবে ‘শূন্য’, চট্টগ্রামের অনুষ্ঠানে ‘তিরন্দাজ’ ও ‘নাটাই’ এবং সিলেটে ‘স্পর্শ’ ও ‘মোজেস’। বিশ্বকাপের ক্ষণগণনা শুরুর আগ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।