প্রচণ্ড গরমেও বঙ্গবন্ধু স্টেডিয়াম সরগরম। বাগেরহাট, কিশোরগঞ্জ থেকে আসা একদল কিশোর-কিশোরী বয়সনির্ণায়ক পরীক্ষার অপেক্ষায়। কোথায় আবাসন, কোথায় খাওয়া-দাওয়া হবে সেসব জানা নেই। শুধু এটুকুই জানা, বয়স পরীক্ষা শেষে জাতীয় ক্রীড়া পরিষদ ডরমিটরি, মহিলা ক্রীড়া কমপ্লেক্স বা কমলাপুর স্টেডিয়ামে গাদাগাদি করে থাকাটাই নিয়তি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু ৩০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। তবে গরমের মধ্যে সকালে ঘণ্টা খানেক প্রতিযোগিতা চলার পর বাকি সব ইভেন্ট হবে সন্ধ্যায়, ফ্লাডলাইটের আলোয়।
স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাক ক্ষত-বিক্ষত। বিভিন্ন জায়গায় গর্ত, পলেস্তারা উঠে গেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবি আয়োজিত কনসার্টের পর এই ট্র্যাকে অ্যাথলেটিকস মিট করা খুবই ঝুঁকিপূর্ণ। লেনগুলোর রেখাও অস্পষ্ট। এই ট্র্যাকের ওপর নিয়মিতই সাইক্লিং অনুশীলন চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও নাকি স্টেডিয়ামে কনসার্ট করবে। এ নিয়ে ফেডারেশন কর্মকর্তারা খুবই ক্ষুব্ধ জাতীয় ক্রীড়া পরিষদের ওপর। বছর খানেক কানাডায় কাটিয়ে মার্চে দেশে ফিরেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ ক্ষুব্ধ তিনি, ‘শুনলাম, বাফুফেও এই ট্র্যাকের ওপর কনসার্ট করবে। পল্টন ময়দানটা তো খালিই পড়ে আছে। কনসার্ট তো সেখানেই করা যায়৷ ট্র্যাক নষ্ট করে কী লাভ?’
দুই দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় চার শ অ্যাথলেট। নতুন রেকর্ড গড়লে প্রত্যেক অ্যাথলেট পাবেন পাঁচ হাজার করে টাকা এবং পৃষ্ঠপোষক ওয়ালটনের পণ্য। জুনিয়র অ্যাথলেটিকস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাল জানানো হয়েছে এসব তথ্য।