চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে হারের যন্ত্রণাটা উপশম হওয়ার সময়ই তো নেই। আগামী মঙ্গল ও বুধবার যে চেলসি ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে প্রতিশোধের পরিকল্পনাটা সাজাতে হবে দুই স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, সেটাও হচ্ছে না। এত সময় কোথায়। আজ বাদে কালই যে আবার পরস্পরের মুখোমুখি হতে হচ্ছে এল ক্লাসিকোয়। ন্যু ক্যাম্পের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচেই নির্ধারিত হয়ে যেতে পারে লা লিগার গতিপথ। অথচ মাস খানেক আগেও ভাবা যায়নি লা লিগার ফিরতি এল ক্লাসিকোটা এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তখন বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। মনে হচ্ছিল, তিন মৌসুম পর রিয়ালের লিগ শিরোপা ফিরে পাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মাত্র সাত ম্যাচেই বদলে গেল ছবি। হঠাৎই ৬ পয়েন্ট খুইয়ে পথ হারিয়ে বসল হোসে মরিনহোর দল। আর পেপ গার্দিওলার দল পেত থাকল জয়ের পর জয়। ছয় ম্যাচ বাকি থাকতে ব্যবধান দাঁড়াল ৪ পয়েন্টে। চার ম্যাচ বাকি থাকতেও ব্যবধান তা-ই।তবে এল ক্লাসিকোর সাম্প্রতিক ধারাটা বজায় থাকলে কালই পয়েন্টের ব্যবধানটা নেমে আসতে পারে ১-এ। বার্সা উঠে আসতে পারে টানা চতুর্থ লিগ জয়ের সড়কে। অন্যদিকে বার্সা হারলে লিগ শিরোপাটা তারা কালই একরকম হাতে তুলে দেবে রিয়ালের। ৩ ম্যাচ হাতে রেখে তখন ৭ পয়েন্টে এগিয়ে যাবে লা লিগার সফলতম ক্লাবটি। মিউনিখ ও লন্ডনে হারার আগে যথাক্রমে টানা ২০ ও ১৫ ম্যাচে অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে অপ্রত্যাশিত হারের পর দুই দলই চাইছে জয়ের ধারায় ফিরতে। আর এটাই অনুঘটক হিসেবে কাজ করতে পারে আরেকটি আকর্ষণীয় ও উত্তেজনাকর ম্যাচের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগের মাঝে পড়ে এখন এল ক্লাসিকোটা স্যান্ডউইচ হয়ে না গেলেই হয়! ওয়েবসাইট।