ক্ষমা চাইতে প্রস্তুত গেইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেইল-সংকট সমাধানের ইঙ্গিত মিলেছে। অনড় অবস্থান থেকে সরে এসেছে দুই পক্ষই। প্রথম পদক্ষেপটা এসেছিল ক্রিস গেইলের পক্ষ থেকেই। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লুআইপিএ) ভাইস প্রেসিডেন্ট ওয়াভেল হাইন্ডস পরশু বলেছিলেন, প্রয়োজনে ক্ষমা চাইতে রাজি গেইল। কাল এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) আবারও আলোচনার আমন্ত্রণ জানিয়েছে গেইলকে। ওয়েবসাইট।গত ১৪ জুন দুই পক্ষের সভা ভেস্তে যাওয়ার পর গেইলের আন্তর্জাতিক ক্যারিয়ারই শঙ্কায় পড়ে গিয়েছিল। ক্যারিয়ারের স্বার্থেই হয়তো কিছুটা নরম হলেন গেইল। পরশু হাইন্ডস বলেছিলেন, ‘তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর জবাব সে সততার সঙ্গে দিতে প্রস্তুত এবং যদি ‘‘স্যরি’’ বলার প্রয়োজন হয়, আমার ধারণা সে বলবে। ক্রিসকে আমি অনেক দিন ধরে চিনি, একজন ভাই ও বন্ধুর মতো করে ওকে জানি। ও ভীষণ বিনয়ী এবং খেলার জন্য সম্ভব সবকিছু করতেই প্রস্তুত।’ হাইন্ডসের এই বক্তব্যের পরই এল ডব্লুআইসিবির প্রধান নির্বাহী আর্নেস্ট হিলাইরের বিবৃতি, ‘১৪ জুনের সভা ব্যর্থ হয়েছে কারণ, মূল বিষয় নিয়ে গঠনমূলক একটা সমাধানের চেষ্টা না করে আলোচনা ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আপনার (গেইল) অবদানকে বোর্ড সম্মান করে এবং জানে যে দলের জন্য আপনি কতটা মূল্যবান। এ জন্যই বোর্ড আলোচনার দুয়ার খোলা রাখছে, যাতে বিষয়টার একটা সুরাহা হয়।’গেইল যে এই ডাকে সাড়া দেবেন, তা হাইন্ডসের বক্তব্য থেকেই পরিষ্কার। তবে ডব্লুআইপিএ প্রধান দীননাথ রামনারায়ণের ওপর হিলাইরের রাগ এখনো পড়েনি। ক্ষমা না চাওয়া পর্যন্ত রামনারায়ণের সঙ্গে কোনো রকম সংস্পর্শে না যাওয়ার ঘোষণা দিয়েছে বোর্ড। তবে ডব্লুআইপিএ রামনারায়ণের পাশেই থাকার কথা জানিয়ে উল্টো হিলাইরেকে বলেছেন ক্ষমা চাইতে। ১৪ জুনের সভায় হিলাইরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল রামনারায়ণের।