ক্ষমা চাইতে বাধ্য হলেন আজমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভ হোয়াটমোর ও সাঈদ আজমল। ফাইল ছবি
ডেভ হোয়াটমোর ও সাঈদ আজমল। ফাইল ছবি

দেশি কোচ আর বিদেশি কোচের মধ্যে পার্থক্য কী? সাঈদ আজমলের দৃষ্টিতে পার্থক্যটা টাকায়। বিদেশিদের পেছনে বাড়তি অর্থ খরচ করতে হয়—এই নাকি পার্থক্য! কোচ ডেভ হোয়াটমোর সম্পর্কে সম্প্রতি এমন ‘আপত্তিকর’ মন্তব্যই করেন পাকিস্তানি এই অফস্পিনার। একই সঙ্গে দেশীয় কোচ ওয়াকার ইউনূস ও মহসিন খানের প্রশংসা করেন তিনি।
জিও টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে কোচ সম্পর্কে আজমলের এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন হোয়াটমোর। তিনি পাল্টা আক্রমণে যাননি। টুইটারে শুধু এটুকু জানিয়েছেন, আজমলের মন্তব্যে তিনি ‘গভীরভাবে ব্যথিত’। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্যাপারটা গুরুত্বের সঙ্গে নিয়ে হোয়াটমোরের কাছে দ্রুত ক্ষমা চাইতে আজমলকে পরামর্শ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সুবোধ বালকের মতো বিনা বাক্যে পরামর্শটা গ্রহণ করেছেন ৩৫ বছর বয়সী আজমল।
কোচের কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারটা স্বীকার করেছেন আজমল নিজেই, ‘আমি দ্রুত ডেভের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসেছি। কোন প্রেক্ষাপটে আমি মন্তব্যটা করেছিলাম, তা ব্যাখ্যা করেছি।’ সমালোচনা ভুলে তারকা এই স্পিনারের কণ্ঠে এখন হোয়াটমোর-বন্দনা, ‘পাকিস্তান দলের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন ডেভ। তাঁর কাজের স্বীকৃতি না দেওয়াটা অন্যায় হবে। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা বরাবরই ভালো। আশা করছি, আগামী দিনেও আমাদের এই সম্পর্ক অটুট থাকবে।