ক্ষমা চাইবেন না তেভেজ
অনেকেই পরামর্শ দিচ্ছিলেন কোচ রবার্তো মানচিনির কাছে ক্ষমা চাইতে। তবে কার্লোস তেভেজ সরাসরি জানিয়ে দিয়েছেন, ক্ষমা চাওয়ার কিছু নেই। স্রোত তেভেজের বিরুদ্ধে হলেও এখনো স্পষ্ট নয় কোচ না তেভেজ, কার কথা সত্য। তবে তেভেজের আশা, ডাগ-আউটে পাশে থাকা সতীর্থদের সাক্ষ্যে তাঁর কথারই সত্যতা মিলবে। গত মঙ্গলবার মিউনিখে ওই ঘটনার সময় তেভেজের পাশে ছিলেন পাবলো জাবালেতা, জেমস মিলনার, এডিন জেকো ও আলেক্সান্ডার কোলারভ।এদিকে তেভেজকে আবার দলে নিতে চাইছে ওয়েস্টহাম। ২০০৬ সালে করিন্থিয়ানস থেকে তেভেজের ওয়েস্টহামে আসা নিয়ে কম ঝামেলা হয়নি। তেভেজের স্বত্ব তৃতীয় পক্ষের কাছে থাকায় ওয়েস্টহামকে ৯০ লাখ ডলার জরিমানাও গুনতে হয়েছিল। এক বছর পরই ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান তেভেজ। এখন জানুয়ারিতে ট্রান্সফার জানালা খোলার আগ পর্যন্ত ২৭ বছর বয়সী স্ট্রাইকারকে ধারে নিতে চায় ওয়েস্টহাম।স্পর্শকাতর ব্যাপার বলে অবশ্য সরাসরি মুখ খুলছে না ওয়েস্টহামের কেউ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের এক কর্মকর্তা খবরটি সত্য বলে স্বীকার করেছেন। সিটি আপাতত তেভেজের দুই সপ্তাহ বহিষ্কারাদেশ ছয় সপ্তাহ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে। তবে ওয়েস্টহামের প্রস্তাবেও রাজি হতে পারে তারা। এতে আপদও বিদায় হবে, আবার ৩ লাখ ১৪ হাজার ডলার সাপ্তাহিক বেতনের একটা অংশও পাওয়া যাবে। এই ভাবনা থেকে আর্সেনালের রবিন ফন পার্সিকে আনার কথাও নাকি ভাবছে সিটি।তেভেজ অবশ্য অনেককেই পাশে পাচ্ছেন এখন। স্বদেশি ও ক্লাব-সতীর্থ জাবালেতা তেভেজের পাশে দাঁড়াতে বলেছেন সতীর্থদের, ‘আমাদের উচিত কার্লোসকে সাহায্য করা। গত বছর ও ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। হয়তো এবার বেঞ্চে একটু বেশিই বসে থাকতে হচ্ছে। স্ট্রাইকারদের এটা মেনে নেওয়া কঠিন, কারণ আত্মবিশ্বাস বাড়াতে তারা চায় নিয়মিত খেলতে ও গোল করতে।’আগের ম্যাচে না খেলানোয় ২০০১ সালে একবার এভাবেই মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন পল স্কোলস। পরে ক্ষমা চাওয়ায় বড় অঙ্কের জরিমানা দিয়ে পার পান ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার। নিজের অভিজ্ঞতা থেকেই স্কোলস পাশে দাঁড়িয়েছেন সাবেক সতীর্থের, ‘আমি কার্লোসকে খুব ভালোভাবে চিনি। ও হয়তো ভাবছিল, “আমি দলের সেরা খেলেয়াড় আর আমাকে কিনা বসিয়ে রেখেছে!” আমি বলছি না তেভেজ ঠিক, তবে ওর ভাবনাটা হয়তো এমনই ছিল। ও সব সময়ই খেলতে চায়, বাইরে বসে থাকাটা ওর কাছে খুন হয়ে যাওয়ার মতো।’অ্যালেক্স ফার্গুসনের ধারণা, মানচিনি ঠিকই করেছেন, ‘রবার্তো দেখিয়েছে তার চরিত্র ও ব্যবস্থাপনা—দুটোই খুব শক্তিশালী। এটা গুরুত্বপূর্ণ, কারণ ফুটবলে ম্যানেজারের চেয়ে গুরুত্বপূর্ণ কেউ নেই।’ মানচিনি সমর্থন পাচ্ছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালান শিয়েরারেরও। আরেক সাবেক ইংল্যান্ড তারকা পল পার্কারের মন্তব্য অবশ্য একেবারেই আলাদা, ‘লোভী সিটির উচিত শিক্ষা হয়েছে!’ এএফপি, ওয়েবসাইট।