ক্ষমা চাইলেন আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড লুইজের ধারণাটাই সত্যি হলো। নিজের ভুল বুঝতে পেরে ঠিকই লুইজের কাছে ক্ষমা চাইলেন আগুয়েরো। লুইজ তা গ্রহণও করেছেন সঙ্গে সঙ্গেই।গত রোববার এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শেষের নয় মিনিট আগে লুইজকে দুই পায়ে ভয়ংকর ট্যাকল করেন আগুয়েরো। রেফারি ক্রিস ফয় ফ্রি-কিকের বাঁশি বাজালেও সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কোনো কার্ড দেখাননি। কিন্তু ম্যাচ শেষে চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইজ স্পষ্টই বলে দেন, আগুয়েরো যে মানের খেলোয়াড়, তাতে ওই ঘটনার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। আগুয়েরোও খুব দেরি করলেন না। রয়টার্স, ওয়েবসাইট।লুইজের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি পরশু আগুয়েরোই নিশ্চিত করেছেন টুইটারে, ‘আমি ডেভিড লুইজের সঙ্গে যোগাযোগ করেছি এবং ম্যাচে যা ঘটেছিল, তার জন্য ক্ষমা চেয়েছি। ওটা ছিল আবেগের প্রতিক্রিয়া, যেটা ঘটা উচিত ছিল না।’ লুইজ ক্ষমা করে দিয়েছিলেন আগেই। রোববারই বলেছিলেন, ‘আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমার সুন্দর একটা হূদয় আছে। আমি মানুষকে কষ্ট দিতে পছন্দ করি না।’ আগুয়েরো ভুল স্বীকার করার পর তো লুইজের সেই সুন্দর হূদয়টা গেল গলে, ‘এই সৌজন্য প্রকাশের সৎসাহস দেখানোয় তোমাকে ধন্যবাদ। বড় মানুষ এবং বড় অ্যাথলেটদের আমরা এভাবেই চিনতে পারি।’