ক্ষমা চাইলেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রু স্ট্রাউসের জায়গায় পল কলিংউড, সালমান বাটের বদলে শহীদ আফ্রিদি। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টের বদলে সংক্ষিপ্ততম—টি-টোয়েন্টি। এত পরিবর্তন, তার পরও কেমন জানি অস্বস্তির গুমোট একটা বাতাস। আর সেই বাতাস নিয়েই আজ আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান। কার্ডিফে দুই টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি আজ।শুধু পাকিস্তান কিংবা ইংল্যান্ড নয়, পুরো ক্রিকেট-বিশ্বই কি একধরনের অস্বস্তি নিয়ে তাকিয়ে নেই ঘটনাপ্রবাহের দিকে? সিঁদুরে মেঘ দেখে ভয়ে আঁতকে ওঠার কারণও আছে বৈকি। ক্রিকেটের সাজানো সংসার তো একসময় তছনছ হয়ে গিয়েছিল ম্যাচ পাতানো কেলেঙ্কারিতেই।অধিনায়ক হিসেবে আফ্রিদি তাই পুরো ক্রিকেট-বিশ্বের কাছে ক্ষমা চেয়ে নিলেন সাম্প্রতিক অপ্রত্যাশিত ঘটনার জন্য, ‘এটা অবশ্যই আমাদের জন্য খারাপ একটি খবর। তবে আমি এই খেলোয়াড়দের হয়ে, ওরা দলে না থাকার পরও, সব ক্রিকেটপ্রেমী, ক্রিকেট খেলুড়ে জাতির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’মাজহার মাজিদ সম্পর্কে দুই মাস আগেই দলের সবাইকে আফ্রিদি সতর্ক করে দিয়েছিলেন। আফ্রিদি এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও কাল বলেছেন, ‘ওই লোকটাকে দলের সঙ্গে আমি ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়াতেও দেখেছি। যদিও আমি ওর সম্পর্কে তেমন কিছুই জানি না।’প্রস্তুতি ম্যাচে সমারসেটের বিপক্ষে ৮ রানে জয়—পাকিস্তান ক্রিকেটের জন্য গত কয়েক দিনের একমাত্র সুখবর। দলকে অনুপ্রাণিত করতে এই একটা অস্ত্রই হাতে আছে আফ্রিদির। পাকিস্তানের টি-টোয়েন্টি আর ওয়ানডে অধিনায়ক অবশ্য ইংল্যান্ডে পা রাখার দিন থেকেই বলে যাচ্ছেন মাঠের বাইরের ঘটনা থেকে মনোযোগ সরিয়ে ক্রিকেটে মনোনিবেশ করতে। কিন্তু প্রস্তুতি ম্যাচে সাত ব্যাটসম্যান মিলে ৮ রান করে আউট হয়ে জানিয়ে দিয়েছেন, অধিনায়কের নির্দেশ মানতে কষ্টই হচ্ছে তাদের।পাকিস্তানের কথা বাদই দিন, খোদ ইংল্যান্ড দলেও তো ছোঁয়াচে বাতাস লেগেছে। কলিংউড যেমন স্বীকার করেই নিলেন, ‘বিষাদগ্রস্ত একরাশ বাতাস দলের মধ্যে আছে। তবে দলের সবাই মাঠে নেমে ক্রিকেটে ফিরতে উন্মুখ। এবং আশা করছি ম্যাচটা আমরা জিতব।’ তাঁর নিজের কেমন লাগছে সেটিও লুকোননি। জানিয়েছেন, লর্ডস টেস্টে স্পট-ফিক্সিং করা হয়েছিল এই খবর শোনাটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্তগুলোর একটি।এদিকে তদন্তের কতটুকু অগ্রগতি হলো, সেটি এখনো জানানো হয়নি। পরশু লন্ডন পুলিশ আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছে আমির, আসিফ আর সালমান বাটকে। বাট হাজির হয়েছিলেন সবার শেষে।তবে পাকিস্তান তাদের অবস্থানে এখনো অটল। তিন ক্রিকেটার নির্দোষ প্রমাণিত হলে আইসিসির বিরুদ্ধে মামলা করা হবে বলে আরও একটা হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তানি হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসান। যদিও পাকিস্তানেরই বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান আইসিসিকে সমর্থন করে বলছেন, ঠিক কাজটাই করেছে আইসিসি। এএফপি, ওয়েবসাইট।