ক্ষমা চাইলেন ওয়ার্নার

জো রুটের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। রুট ক্ষমা করে দিয়েছিলেনও। তার পরও নিষেধাজ্ঞা ও জরিমানা এড়াতে পারেননি ডেভিড ওয়ার্নার। সমালোচনার ঝড়ের গতি কেবলই বাড়ছিল। রুটকে ঘুষি মারার জন্য পরশু রাতে ওয়ার্নার তাই ক্ষমা চাইলেন করজোড়ে। এর পরও সহানুভূতি খুব বেশি পাচ্ছেন না। ওয়ার্নারকে একহাত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ক্লার্ককে পাশে রেখে ওয়ার্নার বললেন, ‘আমি এখানে এসেছি প্রকাশ্যে ক্ষমা চাইতে। দুহাত তুলে বলছি, ঘটনার দায় শুধুই আমার। আমি ভীষণ অনুতপ্ত। আমার সতীর্থ, সাপোর্ট স্টাফ, পরিবার ও নিজেকে ছোট করেছি আমি। বোর্ডের শাস্তি আমি মেনে নিয়েছি।’
ঘটনার বিস্তারিত বলেননি, রুটের নকল দাড়ির সূত্রে ঘটনার শুরু বলে যে প্রচার, সেটা স্বীকার-অস্বীকার কোনোটাই করেননি ওয়ার্নার। তবে দাবি করেছেন, তাঁর পানাসক্তিজনিত সমস্যা নেই, ‘ওই রাতের কথা অবশ্যই মনে আছে। কয়েকজন মিলে আমরা পানশালায় গিয়েছিলাম, খানিকটা পান করার পরই সব শুরু হয়। তবে পানাসক্তির কোনো সমস্যা আমার মোটেও নেই। শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। বাইরে গিয়ে বিয়ার পানের উপযুক্ত রাত ছিল না ওটা। ভুল করেছি, এ জন্য হাতজোড়ও করছি। রুটকে আমি টেক্সট পাঠিয়েছি। সে আমার ক্ষমা গ্রহণ করেছে, এ জন্য আমি কৃতজ্ঞ।’
বরাবরই ওয়ার্নারের বড় সমর্থকদের একজন ক্লার্ক। তবে অস্ট্রেলিয়ান অধিনায়কও এবার ক্ষুব্ধ, ‘ডেভিডের শাস্তিটা যদিও একটু কঠোর হয়ে গেছে, কিন্তু অস্ট্রেলিয়া দলে খেললে এটাই বাস্তবতা। বুঝতে হবে এটি আইপিএল দল নয়, রাজ্য দল নয়, নয় কাউন্টি ক্রিকেট। অস্ট্রেলিয়ার হয়ে খেললে একটা আদর্শ মানদণ্ড ধরে রাখতে হবে। ডেভিডের নেতৃত্বগুণের কথা আমি আগে অনেকবার বলেছি। কিন্তু এখন এই অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে আমার অনুভূতি কী, আশা করি ডেভিড স্পষ্ট বুঝতে পারছে। একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ওর এই আচরণ একেবারেই অগ্রহণযোগ্য।’ প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় অবশ্য অধিনায়কের প্রশংসা পেয়েছেন ওয়ার্নার।
ঠান্ডা, স্থিতধী বলে পরিচিত সাদারল্যান্ডও ওয়ার্নার-কাণ্ডে ধৈর্য হারিয়ে ফেলছেন। কাল ব্রিসবেনের সংবাদ সম্মেলনে বোর্ডের প্রধান নির্বাহী একহাত নিয়েছেন টিম ম্যানেজমেন্টকেও, ‘এমন সহিংস আচরণের জায়গা কোথাও নেই। ওর ওপর আমি প্রচণ্ড হতাশ, ওকে সেটা বললেও জানি, কোনো ঘটনার সূত্র ধরেই ব্যাপারটা অত দূর গড়িয়েছে। কিন্তু তখন রাত আড়াইটা বাজে। আর রাত আড়াইটায় কোনো নৈশক্লাব বা পাবে ভালো কিছু হয় না। আমার মতে, ওর সঙ্গে তখন যারা ছিল এবং পুরো দল ও টিম ম্যানেজমেন্টও ঘটনার দায় এড়াতে পারবে না।’
ক্লার্ক শাস্তিটাকে ‘কঠোর’ বললেও সাদারল্যান্ড বলছেন, ‘ওয়ার্নার ভাগ্যবান যে এখনো দলের সঙ্গে আছে।’ এএফপি, ওয়েবসাইট।