ক্ষমা চাইলেন ডেকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে আইভরিকোস্টের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর কোচ কার্লোস কুইরোজের সমালোচনা করেছিলেন তিনি। তবে নিজের অবস্থান থেকে সরে এসেছেন ডেকো। নিজের আচরণের জন্য কোচের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল বংশোদ্ভূত পর্তুগালের এই মিডফিল্ডার।গত মঙ্গলবার আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে এক ঘণ্টা পর ডেকোকে মাঠ থেকে তুলে নেন কোচ কুইরোজ। এখানেই যত আপত্তি ডেকোর। ম্যাচ শেষে পর্তুগালের ফুটবলাররা ড্র নিয়ে মাঠ ছাড়লে গণমাধ্যমের সামনে কোচের কড়া সমালোচনা করেন ডেকো। ক্ষুব্ধ এই মিডফিল্ডার প্রশ্ন তোলেন, ‘আমাকে কেন উঠিয়ে নেওয়া হলো? আমি তো ভালোই অনুভব করছিলাম!’ এরপর ক্ষুব্ধ ডেকো যোগ করেন, ‘কোচ আমাকে রাইট উইংয়ে খেলার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমার ক্যারিয়ারের কোনো দিনই আমি রাইট উইঙ্গার হিসেবে খেলিনি। এরপরই আমাকে তুলে নেওয়া হলো।’তবে নিজের অবস্থান থেকে সরে এসেছেন ডেকো। পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনকে দেওয়া বিবৃতিতে গতকাল বুধবার নিজের বক্তব্য শুধরে ডেকো বলেন, ‘কোচের সঙ্গে কখনোই কোনো বিষয় নিয়ে আমার ঝামেলা হয়নি। মাঠের বাইরে পাঠানোর হতাশা থেকে কোচ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলাম।’