ক্ষমা চাইলেন পন্টিং
গতকাল মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে মাথাটা একটু বেশিই গরম হয়ে গিয়েছিল অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের। হওয়াটাই তো স্বাভাবিক। আগের দিন মাত্র ৯৮ রানেই অলআউট। বল হাতেও ব্যর্থতা। রানের পাহাড় গড়তে যাচ্ছে ইংল্যান্ড। মাথা ঠান্ডা রাখাটাই তো কঠিন ব্যাপার! এ রকম পরিস্থিতিতেই গতকাল কেভিন পিটারসেনের বিপক্ষে একটা আউটের আবেদনকে কেন্দ্র করে আম্পায়ার আলিম দারের সঙ্গে দৃষ্টিকটু বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন পন্টিং। আধুনিক প্রযুক্তির সাহায্যে থার্ড আম্পায়ার ‘নট আউটের’ ঘোষণা দিলেও এ সিদ্ধান্তটা যেন বিশ্বাসই হচ্ছিল না তাঁর। আম্পায়ারের সঙ্গে তর্ক করেই যেন যাবতীয় ক্ষোভ-হতাশা প্রশমিত করতে চাইলেন। শাস্তিস্বরূপ ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে পন্টিংকে। পরে অবশ্য মাথা ঠান্ডা হওয়ার পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন অসি অধিনায়ক।অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনকে দেওয়া সাক্ষাত্কারে পন্টিং বলেছেন, ‘গতকাল আমি একটু বাড়াবাড়িই করে ফেলেছিলেন। আমি অবশ্যই সে জন্য ক্ষমা চাইছি। অধিনায়ক হিসেবে আমার এ রকম আচরণ করাটা উচিত হয়নি। আমি আমার ভুল স্বীকার করছি।’দলের ব্যর্থতা তো আছেই, সেই সঙ্গে অধিনায়ক হিসেবে দলের জন্য অনুপ্রেরণাদায়ক কোনো ইনিংস খেলতে পারছেন না পন্টিং নিজেও। এই সিরিজে এখন পর্যন্ত ১৫.৫ গড়ে করেছেন মাত্র ৯৩ রান। তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্নটা বেশ জোরেশোরেই উঠছে ইদানীং। এসবের জবাবে পন্টিং বললেন, ‘দ্বিতীয় ইনিংসে রান করতে হবে। এখন আমার মাথায় শুধু এটুকুই আছে। সামনের কয়েকটা দিনের বাইরে আমি এখন তাকাতেই চাচ্ছি না। হ্যাঁ, আমার জন্য সিরিজটা খুবই কঠিন হয়ে গেছে। কারণ, আমি একেবারেই রান করতে পারছি না। কিন্তু এবার যদি আমি ব্যাট হাতে সফল হতে পারি, তাহলে নিশ্চয়ই আমাকে নিয়ে আর কোনো কথাবার্তা থাকবে না।’ রয়টার্স।