ক্ষমা চাইলেন পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টুইট’টা পোস্ট করার মাত্র কয়েক মিনিট পরই মুছে ফেলা হয়েছিল। তবে যথেষ্ট ছিল ওটুকু সময়ই। টুইটারে তাঁর ৩৮ হাজার অনুসারীর অনেকের মাধ্যমে ক্রিকেট-বিশ্বে চাউর হয়ে যায় কেভিন পিটারসেনের বাদ পড়া এবং তাতে ছাপার অযোগ্য ভাষায় ক্ষোভ প্রকাশ। একে তো দল থেকে বাদ পড়ার খবর আগেই জানিয়ে দেওয়া, তার ওপর আবার এমন ভাষায়, সাবেক অধিনায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল ইসিবি। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে ক্ষমা চেয়েছেন পিটারসেন, জানিয়ে দিয়েছেন আর পা বাড়াবেন ও পথে।হ্যাম্পশায়ার ছেড়ে কাউন্টিতে পিটারসেনের নতুন ঠিকানা হয়েছে সারে। আড়াই সপ্তাহের জন্য ধারে গেছেন লন্ডনের ক্লাবটিতে। বুধবার নতুন দলের হয়ে প্রথম ম্যাচ শেষে সারে ক্রিকেট ডট টিভিকে ৩০ বছর বয়সী তারকা বলেছেন, ‘পুরো ব্যাপারটাই আসলে এমনভাবে হয়েছে, আমি যা চাইনি। টুইটারের ব্যাপারটা ছিল একটি সরাসরি বার্তা—টুইটার ব্যবহার করা সবাই জানে বন্ধুবান্ধব, অনুসারীদের সরাসরি বার্তা পাঠানো যায়। তবে পুরো ব্যাপারটা প্রকাশ হয়ে যাওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি আমার ভাষার জন্যও। দিব্যি করে বলছি, আমি আর টুইটারে এসব জানাব না। সুতরাং এটা বড় ধরনের একটা দুঃখ প্রকাশ।’‘এটা ছিল বড় একটা ভুল। ইংল্যান্ডের নির্বাচক ও ম্যানেজমেন্টের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। নিজের ফর্ম নিয়েই আমি আসলে দারুণ হতাশ। আমি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, টি-টোয়েন্টি অধিনায়ক পল কলিংউড, প্রধান নির্বাচক জিওফ মিলার, ইসিবির ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিসের সঙ্গে কথা বলেছি। তাঁরা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছেন। এখন সময় স্রেফ সামনে তাকানোর।’পিটারসেন না হয় ভুলে যেতে চাইছেন, কিন্তু মওকা মতো চিরশত্রুরা কেন সহজেই ছেড়ে দেবেন! দুয়ারে কড়া নাড়ছে অ্যাশেজ। এর আগে শত্রু শিবিরে বিবাদ আর অসন্তুষ্টির আঁচ পেয়ে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছেন শেন ওয়াটসন। পিটারসেনের বাদ পড়া ও টুইটার-নাটকের পেছনে অস্ট্রেলীয় অলরাউন্ডার খুঁজে পাচ্ছেন অন্যকিছুর গন্ধ, ‘তারা যেমন বলছে, বাদ পড়ার কারণটা সে রকম স্রেফ পারফরম্যান্স নয়। নিশ্চিতভাবেই এর পেছনে অন্য কোনো কারণ আছে। সে বাদ পড়ায় আমি যারপরনাই বিস্মিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরও তার মানের একজনের এভাবে বাদ পড়া সত্যিই লজ্জাজনক। টুইটারে সে যেভাবে লিখেছে, তাতে মানে হয়েছে পর্দার আড়ালের কোনো ব্যাপার আছে।’ইংল্যান্ডের ব্যাপারে ওয়াটসনের নাক গলানোয় অবাক হচ্ছেন? চিরশত্রুদের ঘা দেওয়ার সুযোগ কে ছাড়তে চায়! ওয়েবসাইট।