ক্ষমা চাইলেন বাট
মোহাম্মদ আশরাফুলই কি পথ দেখালেন? ম্যাচ পাতানোর কথা স্বীকার করার পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। সালমান বাটও হাঁটলেন সেই পথে। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন ক্রিকেট থেকে, ইংল্যান্ডে জেলও খেটেছেন সাত মাস। কিন্তু নিজমুখে কখনোই অপরাধ স্বীকার করেননি সালমান বাট। সেই বাট কাল প্রথমবারের মতো নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন। জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির পুনর্বাসন-প্রক্রিয়ায় অংশ নেওয়ার ইচ্ছাটাও। আরও জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছাটা এখনো মরে যায়নি। সাংবাদিকের পাতা ফাঁদে ধরা পড়ার পর সতীর্থ দুই ক্রিকেটার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের সঙ্গে নিষিদ্ধ হন বাট। মোহাম্মদ আমির ভুল স্বীকার করেছিলেন আগেই। কিন্তু বাট ও আসিফ বরাবরই নিজেদের নির্দোষ দাবি করে বলে এসেছেন, ২০১০ আগস্টের লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে তাঁরা জড়িত ছিলেন না। গত এপ্রিলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত নিষেধাজ্ঞা কমানোর আবেদন খারিজ করে দেওয়ার পর আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বাটদের অপরাধ স্বীকার করে আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটকে (আকসু) সহায়তা করতে বলেন। কাল লাহোরে দোষ স্বীকার করে কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চান বাট, ‘আমি জাতির কাছে ও স্পট ফিক্সিংয়ের ঘটনায় যাঁরা দুঃখ পেয়েছেন সবার কাছে ক্ষমা চাচ্ছি। এ ছাড়া ক্রিকেটের ভাবমূর্তির যে ক্ষতি করেছি ক্ষমা চাইছি সে জন্যও।’ক্রিকেটারদের ম্যাচ পাতানোর বিষবাষ্প থেকে দূরে থাকারও আহ্বান জানিয়েছেন বাট, ‘যারা ক্রিকেট খেলে ও ক্রিকেট খেলতে চায় সবাইকে বলছি তারা যেন অবশ্যই এ ধরনের ভুল কাজ থেকে দূরে থাকে। কারণ এটা তাদের ওপর ও ক্রিকেট খেলাটায় নেতিবাচক প্রভাব ফেলবে।’ এএফপি, ওয়েবসাইট।