ক্ষমা চাইলেন বালোতেল্লি
মাথা গরম করে চার মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড পেয়ে মাঠ ছেড়েছেন। দলকে বিপদে ফেলে মাঠ থেকে বেরিয়ে যাওয়া মারিও বালোতেল্লি পরে দেখিয়েছেন ক্রুদ্ধ প্রতিক্রিয়াও। কোনোটাই যে ঠিক করেননি, বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে ঠিকই বুঝতে পেরেছেন বালোতেল্লি। অনুতপ্ত ইতালিয়ান স্ট্রাইকার তাই ওই ঘটনার জন্য ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে। আর ইতালি কোচ সিজারে প্রানদেল্লি বলছেন, বালোতেল্লিকে অবশ্যই প্রতিপক্ষের উসকানি সামলে চলতে শিখতে হবে। গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়েছিল ইতালি। প্রাগের ওই ম্যাচের ৬৮ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে অবৈধ বাধা দিয়ে প্রথম হলুদ কার্ড দেখেন বালোতেল্লি। মাথা গরম করে চার মিনিট পর একই কাণ্ড করে বিপদ ডেকে আনেন দলের ও নিজের। মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। ইতালি হয়ে পড়ে ১০ জনের দল। যদিও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ইতালি। তবে এভাবে মেজাজ হারিয়ে দলকে বিপদে ফেলাটা যে ঠিক হয়নি, সেটা বুঝতে পেরে নিজের টুইটারে বালোতেল্লি লিখেছেন, ‘শুভ সকাল। গতকাল আমার প্রতিক্রিয়া ঠিক ছিল না। আমি ক্ষমা চাইছি।’ বালোতেল্লি ক্ষমা চেয়েছেন দলের কাছেও, ‘আমি আমার দলের জন্য দুঃখিত। আমার এখনো শিখতে হবে।’ যদিও এর আগে ক্রুদ্ধ এক বার্তায় লিখেছিলেন, সমর্থকদের উচিত কনফেডারেশনস কাপে অন্য দলকে সমর্থন করা। পুরো ম্যাচটি আবার দেখার কথাও বলেছিলেন। বালোতেল্লিকে প্রানদেল্লির পরামর্শ হলো, ‘তাকে অবশ্যই বুঝতে হবে যে সব বড় খেলোয়াড়ের মতো তাকেও সব সময় উসকানি দেওয়া হবে। এই পরীক্ষায় পাস করতে পারলেই প্রতিপক্ষকে সে পেছনে ফেলতে পারবে। আগামী কয়েক দিনে টুইটার ব্যবহার করা নিয়ে তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলব। তবে মারিওর দ্বিতীয় বার্তাটা আমার খুব পছন্দ হয়েছে।’ অবশ্য বালোতেল্লিকে আরও ভালোভাবে সামলানোর জন্য প্রানদেল্লি নিজেই আরও ধৈর্যের পরীক্ষা দিতে প্রস্তুত। রয়টার্স।