ক্ষমা চাইলেন ভালকে
অবস্থা বেগতিক বুঝতে পেরে সুর নরম করলেন জেরম ভালকে। ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফার মহাসচিব। মন্তব্যটি এত কঠিন ছিল না বলেও দাবি সাবেক এই ক্রীড়া সাংবাদিকের। ফরাসি থেকে পর্তুগিজে ভাষান্তরের সময়ই নাকি সেটি বিকৃত হয়ে গেছে।ব্রাজিলের বিশ্বকাপ আয়োজন প্রস্তুতির ধীরগতিতে অসন্তোষ জানিয়ে শুক্রবার ভালকে বলেছিলেন, গতি বাড়াতে আয়োজকদের পশ্চাদ্দেশে লাথি মারার প্রয়োজন। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি রিকার্ডো টিসেরা ও ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো। প্রস্তুতি দেখতে ১২ মার্চ ব্রাজিলে যাওয়ার কথা ছিল ভালকের। কিন্তু ক্রীড়ামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন, ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির বিষয়ে ভালকের সঙ্গে আর কোনো ধরনের সম্পর্ক বা যোগাযোগ রাখতে চান না তাঁরা। তাঁর মন্তব্য নিয়ে ব্রাজিলের কঠোর অবস্থান দেখেই হয়তো ক্ষমা চাইলেন ভালকে। রয়টার্স।