ক্ষমা চাইলেন ম্যারাডোনা
আল ওয়াসলেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন ডিয়েগো ম্যারাডোনা—এমন প্রত্যাশা থেকেই আর্জেন্টাইন এই কিংবদন্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। ম্যারাডোনা সত্যিই দলকে কত উচ্চতায় নিতে পারবেন, সময়ই তা বলে দেবে। সর্বশেষ খবর, দুবাইয়ের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে আল ওয়াসলে। আর এই হতাশাজনক ফলাফলের কারণে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ৫০ বছর বয়সী ম্যারাডোনা।‘এ হারের জন্য আল ওয়াসলে সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি আমি। আমি খুবই দুঃখিত। আশা করছি, এই হার দলকে ক্ষতিগ্রস্ত করবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের’—ম্যাচ শেষে বলেছেন ম্যারাডোনা।এর আগে আল ওয়াসলে সমর্থকদের চটিয়ে দিয়েছিলেন ম্যারাডোনা। খারাপ ফলাফলের কারণে সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করায় তিনি তাঁদের খেলা দেখা বাদ দিয়ে বাসায় বসে গান শোনার পরামর্শ দিয়েছিলেন!দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ম্যারাডোনার দল। এর মধ্যে আল ওয়াসলে হেরেছে চারটিতে। জয় মাত্র দুটি ম্যাচে। এমন ফলাফলে খুশি হওয়ার কথা নয় আল ওয়াসলের ভক্তদের। ওয়েবসাইট।